
জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব নিয়ে পারিবারিক আদালতে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন শিশুদের মা জাপানি নাগরিক এরিকো নাকানো। আর শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের চাওয়া, পারিবারিক আদালতে গিয়ে তাড়াতাড়ি বিষয়টি মীমাংসার। আজ সোমবার পৃথক ব্রিফিংয়ে এমন অভিমত ব্যক্ত করেছেন তাঁরা।
দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এরিকোকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় পুলিশ। আজ বেলা দুইটার দিকে রাজধানীর ধানমন্ডিতে আইনজীবীর চেম্বারে এরিকো ব্রিফিং করেন। পরে বেলা সাড়ে তিনটায় হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে ব্রিফিং করেন ইমরান।
ব্রিফিংয়ে বাংলা ভাষায় এরিকো নাকানো বলেন, ‘গত বছরের জুলাইতে বাংলাদেশে এসেছি, আমার বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে এসেছিলাম। কারণ, তাদের বাবা ইমরান শরীফ জাপান থেকে আমাকে না বলে পালিয়ে তাদের নিয়ে এসেছে। আপিল বিভাগ আমাকে বাচ্চাদের প্রবেশনাল কাস্টডি দেয়। মামলাটি (পারিবারিক আদালতে থাকা) তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়। তিনটি সন্তানের মধ্যে একটি বাচ্চাকে জাপান ফেলে এসেছি, দুটি বাচ্চার জন্য লড়াই করছি। এই মামলার শেষ দেখতে পাচ্ছি না। তার মধ্যে আমার মা অনেক অসুস্থ; মৃত্যুশয্যায়। দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়টি বিবেচনা করতে আদালতকে অনুরোধ জানাচ্ছি।’
অভিযোগ করে এরিকো নাকানো বলেন, ‘আমার পেছনে ইমরানের একজন গোয়েন্দা সার্বক্ষণিক থাকে। সব জায়গায় তাঁর ভাড়া করা গোয়েন্দা পেছনে থাকে।’ তিনি বলেন, ‘সবচেয়ে ছোট বাচ্চাকে মায়ের কাছে রেখে এসেছিলাম। তবে কয়েক মাস ধরে মা অসুস্থ। ছোট বাচ্চাটি সব সময় ফোন করে কান্নাকাটি করে। মায়ের অসুস্থতার খবরে পাগলের মতো হয়ে গিয়েছিলাম।’
ব্রিফিং শেষে এরিকোর লিখিত বক্তব্য গণমাধ্যমে পাঠান তাঁর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুপ্রিম কোর্ট ও পারিবারিক আদালতে এখন ছুটি চলছে এবং পারিবারিক আদালতে মামলার পরবর্তী তারিখ আগামী ১১ জানুয়ারি উল্লেখ করে লিখিত বক্তব্যে এরিকো বলেছেন, তাই তিনি মৌখিকভাবে ইমরান শরীফের সঙ্গে শেয়ার করেছেন যে তিনি এই ছুটিতে অল্প সময়ের জন্য মেয়েদের সঙ্গে জাপান যেতে চান এবং ১০ জানুয়ারির মধ্যে ফিরে আসতে চান।
ব্রিফিংয়ে এরিকো বলেন, ‘আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না যে আমি বাচ্চাদের পালিয়ে নিয়ে যাব। মাকে দেখে চলে আসব, এটি আমার উদ্দেশ্য ছিল।’ ইমরান শরীফ ২৩ ডিসেম্বর রাতে তাঁর মেজ মেয়েকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন এরিকো। ব্রিফিংয়ে এরিকোর সঙ্গে তাঁর প্রথম সন্তান ও আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্রিফিংয়ে ইমরান শরীফ বলেছেন, ‘আমি বাচ্চা ছিনতাই করিনি। এটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিমানবন্দরে যাওয়ার আগে মেয়েকে বলেনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমার মেয়ে শকড হয়ে গিয়েছিল। আমার মেয়ে আমার কাছে আশ্রয়ের জন্য এসেছে। যে মেয়ে আশ্রয় চেয়েছে, তাকে আমি কীভাবে আশ্রয় দেব না।’
অল্প সময়ের জন্য মেয়েদের নিয়ে এরিকোর জাপান যেতে চাওয়া এবং ১০ জানুয়ারির মধ্যে ফিরে আসার বিষয়টি জানানো হয়েছিল কি না—এমন প্রশ্নে ইমরান শরীফ বলেন, এ বিষয়ে এরিকো কোনো কিছুই তাঁকে বলেননি। অভিযোগ করে ব্রিফিংয়ে ইমরান শরীফ বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা আছে, বিদেশ যেতে পারবে না। আদালতে উনার (এরিকো) পাসপোর্ট জমা দেওয়া আছে। সেই পাসপোর্ট নম্বর ব্যবহার না করে নতুন পাসপোর্ট বানিয়েছেন গুপ্তভাবে।’
ইমরান অভিযোগ করে বলেন, ‘উনার (এরিকো) উদ্দেশ্য একটাই, আমাকে নিঃসন্তান করে বাচ্চাদের নিয়ে চলে যাবেন, যেভাবেই হোক না কেন। উনি (এরিকো) আসুক, উনার সঙ্গে ফয়সালা করে একটা কিছু করি।’
বাবা ও মা শিশুদের সঙ্গে যা করছেন, তা কি তাদের জন্য মঙ্গলজনক—এমন প্রশ্নের জবাবে ইমরান শরীফ বলেন, ‘অবশ্যই না। আমি কী করব? আমি তো ভুক্তভোগী বাবা। আমি উনাকে (এরিকো) বারবার আহ্বান জানিয়েছি।’
সন্তানদের ব্যাপারে কী চিন্তা করছেন—এমন অপর একটি প্রশ্নের জবাবে ইমরান শরীফ বলেন, ‘সমাধান খুবই সাধারণ। উনি যেন আমাকে বাচ্চাদের জীবন থেকে মুছে না দেন। মুছে দেবেন না বলে যদি কথা দেন, তাহলে সমস্যার সমাধান হবে। ছোট মেয়ে জাপানে আছে দেড় বছর, কথা বলতে দেননি। ছোট মেয়ের জীবন থেকে আমাকে মুছে দিয়েছেন। বড় দুই মেয়েকে মুছে দিতে চেষ্টা করেছেন।’
ইমরান শরীফ অভিযোগ করে বলেন, ‘আমার পিতৃত্ব খুন করে ফেলা হচ্ছে। আমার নাম মেয়েদের জীবন থেকে যদি উনি (এরিকো) মুছে না দেন, তাহলে আমি অবশ্যই বসে ফয়সালা করব। চাওয়া, পারিবারিক আদালতে গিয়ে তাড়াতাড়ি বিষয়টি মীমাংসার।’ ব্রিফিংয়ের আগে ইমরানের সঙ্গে তাঁর মেজ মেয়ে থাকলেও ব্রিফিংয়ের সময়ে সে গাড়িতে বসে ছিল। এ সময় ইমরানের আইনজীবী মো. মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন।
আইনজীবী মোশতাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সর্বোচ্চ আদালত আদেশে বলেছেন, বাচ্চাদের নিয়ে দেশের বাইরে যাওয়া যাবে না, যা সর্বোচ্চ আদালতের আদেশের সুষ্পষ্ট অবমাননা। এর আগে এরিকো শিশুদের নিয়ে জাপান যেতে অনুমতি চেয়েছিলেন, আপিল বিভাগ তা নাকচ করেছেন। বিচারিক আদালতে (পারিবারিক আদালত) মামলাটি শুনানি শেষ পর্যায়ে। এখন অবকাশকালীন ছুটি চলছে। ছুটি শেষে বিষয়টি বিচারিক আদালতের নজরে আনব।’
উল্লেখ্য, জাপানের নাগরিক এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানের ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান রয়েছে। গত বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর গত বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে রয়েছে। তবে ইমরানের কাছ থেকে দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট রিট করেন এরিকো। অন্যদিকে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান। পৃথক রিটের ওপর শুনানি নিয়ে দুই শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে ২১ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এরিকো, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
এরিকোর করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদেশ দেন আপিল বিভাগ। ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির (২০২১ সালে শিশুদের বাবার করা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপান থেকে আসা দুই শিশু তাদের মা এরিকোর হেফাজতে থাকবে। শিশুদের বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে আদেশে বলা হয়। আরও বলা হয়, মামলার পারিপার্শ্বিকতা ও শিশুদের স্বার্থ বিবেচনায় শিশুদের এই আদালতের এখতিয়ারের বাইরে (দেশের বাইরে) নেওয়া যাবে না। আপিল বিভাগের আদেশের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট পারিবারিক আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়।