
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্পর্ক জোরদারে দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শুক্রবার রাতে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উষ্ণ ও আন্তরিক ফোনালাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন এ দুই নেতা। পাকিস্তান-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদান এবং দুই দেশের জনগণকে আরও কাছে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর মুখ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।
তারেক রহমানকে তাঁর সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরিফ। এই আমন্ত্রণে সাড়া দিয়ে তারেক রহমানও তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগামী দিনগুলোতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে নিবিড় যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হন উভয় নেতা।