
নারীর ক্ষমতায়ন, সমতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, সেই লক্ষ্য সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। এ ছাড়া অনলাইনে হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন শামা ওবায়েদ। প্রেসক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শামা ওবায়েদ বলেন, ‘আমি সরকারের অংশ হতে পারি, কিন্তু আমার বড় পরিচয় আমি একজন মা, একজন মেয়ে, একজন নারী। আমি আমার অবস্থান থেকে চাইব, একজন ধর্ষক সে যে–ই হোক, তাকে বাংলাদেশের আইনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
নারীদের সমস্যা তাঁকে উদ্বিগ্ন করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের প্রতিপাদ্য মনে করিয়ে দেয় যে এটি নারীদের পথপ্রদর্শক। আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়েরই সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তিমান মহাকাব্য রচনা করেছিলেন। তিনি নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়াকে পথপ্রদর্শক হিসেবে সম্মান করতেন।’
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরা যেন সামনে এগিয়ে যেতে পারেন, সে আশা ব্যক্ত করেন তিনি। রাজনীতিতে নারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন। সঞ্চালনা করেন নারী ও শিশুশিক্ষা উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।
অনুষ্ঠানে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মমতাজ বিলকিস বানু বলেন, একজন সাংবাদিক যদি সাংবাদিকদের পক্ষ থেকে বা জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মান পান, তার গুরুত্ব অনেক বেশি। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এ সম্মাননা আমাকে আরও সৃজনশীল কাজ করার অনুপ্রেরণা দেবে।’