বুধবার সকালে হাজতখানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের হুইলচেয়ার বুঝিয়ে দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোস্তাফিজুর রহমান
বুধবার সকালে হাজতখানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের হুইলচেয়ার বুঝিয়ে দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোস্তাফিজুর রহমান

ঢাকার সিএমএম আদালতে অসুস্থ আসামিদের জন্য হাজতখানায় হুইলচেয়ার প্রদান

অসুস্থ আসামিদের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় তিনটি হুইলচেয়ার দিয়েছেন সিএমএম মোস্তাফিজুর রহমান। বুধবার সকালে হাজতখানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এসব হুইলচেয়ার বুঝিয়ে দেন তিনি।

হাজতখানা চত্বরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে অসুস্থ আসামিদের সুবিধার জন্য হুইলচেয়ার দেওয়া হচ্ছে। হাজতখানায় অসুস্থ আসামিদের আনা–নেওয়ার ক্ষেত্রে এসব হুইলচেয়ার ব্যবহার করা হবে।’

আসামিদের মৌলিক মানবাধিকারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়ের বলেন, ‘হাজতখানায় আসা অসুস্থ আসামিদের জন্য এই হুইলচেয়ারগুলো অনেক উপকারে আসবে।’

হুইলচেয়ার প্রদানের সময় হাজতখানা চত্বরে আরও উপস্থিত ছিলেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার মো. মালিক নাজমুল হায়দার, সৈয়দ মো. শহীদুল ইসলামসহ পুলিশ এবং আদালতের কর্মকর্তা–কর্মচারীরা।