উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চরম নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। পরের কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া।
সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার আইসিজে রায় দিলেন। মিয়ানমার জেনোসাইড সংঘটনে দায়ী, ৯ জন বিচারক এই রায়ের পক্ষে মত দিয়েছেন। আর রায়ের বিপক্ষে মত দিয়েছেন ৬ জন বিচারক। আইসিজে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করলেন।
আইসিজে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক ইতিহাসের চরম নৃশংসতার জন্য মিয়ানমারকে গোষ্ঠী নিধনের জন্য দোষী সাব্যস্ত করলেও রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন কীভাবে হবে সেটি স্পষ্ট নয়।
নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনার আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
আইসিজে বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, ২০১৭ সালে সেনাবাহিনীকে দিয়ে ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের।
আদালত আরও বলেন, সামরিক অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেওয়ার পরও গোষ্ঠী নিধনের ঝুঁকির বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সচেতন থাকা উচিত ছিল। গোষ্ঠী নিধন প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
প্রসঙ্গত ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমাররুজের নৃশংসতাকে গোষ্ঠী নিধন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
আইসিজের রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফল। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে কীভাবে এগোনো যায়, সেটির ওপরও প্রভাব থাকবে।হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তবে আইসিজে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক ইতিহাসের চরম নৃশংসতার জন্য মিয়ানমারকে গোষ্ঠী নিধনের জন্য দোষী সাব্যস্ত করলেও রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন কীভাবে হবে সেটি স্পষ্ট নয়। রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে আইসিজে। এই আদালতের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষমতা ও সুযোগ খুবই সীমিত।
সনদ অনুযায়ী জাতিসংঘের এ নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে এ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, এ ব্যাপারে কূটনৈতিক বিশ্লেষকদের সংশয় রয়েছে। আর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে গাম্বিয়ার করা মামলার রায়ের পর গাজার ফিলিস্তিনিদের ওপর গোষ্ঠী নিধনের জবাবদিহির বিষয়টি জোরালো হতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে সেটা স্পষ্ট নয়। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নিতে দেয়নি। এখন যুক্তরাষ্ট্র আইসিজের মামলার রায় নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। চীন ও রাশিয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে নিজেদের স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নিতে দেখা গেছে।
আদালত রায়ে বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গোষ্ঠী নিধন চালিয়েছে। এর মাধ্যমে দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আইসিজের রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফল। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে কীভাবে এগোনো যায়, সেটিরও প্রভাব থাকবে বলে তিনি মনে করেন।
আদালত রায়ে বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গোষ্ঠী নিধন চালিয়েছে। এর মাধ্যমে দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
মিয়ানমার সনদের আওতায় আরও কয়েকটি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এগুলো হলো নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাজ করা ব্যক্তিদের দ্বারা গোষ্ঠী নিধন সংঘটন প্রতিরোধ করা; গোষ্ঠী নিধন ও সনদে উল্লিখিত অন্যান্য কার্যক্রমের শাস্তি নিশ্চিত করা; এবং সনদের কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা।
তবে আদালত বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক ব্যক্তিদের গোষ্ঠী নিধন সংঘটনে মিয়ানমার প্রত্যক্ষ ও প্রকাশ্যে উসকানি দেয়নি।
আদালত আরও বলেন, ২০২০ সালের ২৩ জানুয়ারির আদেশে আদালত যে নির্দেশ দিয়েছিলেন, মিয়ানমার তা লঙ্ঘন করেছে। ওই আদেশে বলা হয়েছিল, গোষ্ঠী নিধনের অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ ধ্বংস বন্ধ করতে ও সংরক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
গোষ্ঠী নিধন সনদ লঙ্ঘনের কারণে আইসিজে মিয়ানমারকে বেশ কিছু বিষয় মেনে চলার নির্দেশ দিয়েছেন। এগুলো হলো সনদের অধীন বাধ্যবাধকতা পুরোপুরি কার্যকর করে এমন আইন প্রণয়নের মাধ্যমে চলমান লঙ্ঘন বন্ধ করা। সনদ বিরোধী কার্যক্রম সংঘটনের যুক্তিসংগত সন্দেহভাজন সবার বিরুদ্ধে তদন্তে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা। গোষ্ঠী নিধনের পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস ও নিশ্চয়তা দেওয়া এবং ভবিষ্যতে একই ধরনের লঙ্ঘন প্রতিরোধ করা।
আদালত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক পুনর্বাসন (রেস্টিটিউশন) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারকে। এর মধ্যে রয়েছে মিয়ানমারের অবৈধ কর্মকাণ্ডের কারণে যেসব রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছেন, তাঁরা দেশের ভেতরে বা বাইরে যেখানেই থাকুন, তাঁদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফেরার সুযোগ দেওয়া এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা; রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া।
সবশেষে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, ক্ষতিপূরণ বা অন্য কোনো প্রতিকারের পরিমাণ ও পদ্ধতি মামলার পরবর্তী ধাপে নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে রায়ের দিন থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনে দেশটি কী কী ক্ষতিপূরণমূলক পুনর্বাসন ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি কী হবে, তা উল্লেখ করতে হবে।
জানতে চাইলে মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ সুফিউর রহমান প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার যে গোষ্ঠী নিধন চালিয়েছিল, সেটা আইসিজের রায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি নৈতিক বিজয়। এটা সংকট সমাধানের ক্ষেত্রে তাদের পরের ধাপে যেতে সহায়তা করবে।
সাবেক এই কূটনীতিকের মতে, আইসিজের রায় বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমা বেঁধে দেওয়াটা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি হলো।
আইসিজের রায় বাস্তবায়ন নিয়ে সুফিউর রহমান বলেন, এখানে আইসিজে কিংবা আদালতের তেমন কিছু করার নেই। তবে জাতিসংঘ সনদের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘ তথা নিরাপত্তা পরিষদের ওপর রায় বাস্তবায়নের দায় পড়বে।