প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়, ঢাকা। ২৪ নভেম্বর
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা  জাহেদ উর রহমান। সচিবালয়, ঢাকা। ২৪ নভেম্বর

নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: জাহেদ উর রহমান

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ৯৯টি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে গিয়ে তিনি এসব পরিসংখ্যান উপস্থাপন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানায় তথ্য মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।

এই দলটির কর্মকাণ্ডের ওপর যেহেতু আইনি নিষেধাজ্ঞা আছে, তারা কোনো ঝটিকা মিছিল করতে পারে না বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এটা বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং গ্রেপ্তার হবেন।

নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রথম ২৩ দিনে এসব সহিংসতার ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১০০ জন। এ সময়ে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে। আর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।