শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি সাবেক ছাত্রনেতাদের

গাজীপুরে বিক্ষোভের পর পোশাক শ্রমিকদের সরিয়ে দিয়ে টহল দিচ্ছে পুলিশ
ফাইল ছবি: প্রথম আলো

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সরকার যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে, তা বর্তমান দুর্মূল্যের বাজারে যৌক্তিক নয় বলে মনে করেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা। তাঁরা বর্তমান বাজারদর এবং অন্যান্য দেশের মজুরিকাঠামো পর্যালোচনা করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা এই দাবি জানান। বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। অথচ এই শিল্পে নিয়োজিত শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত।

শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসছেন। শ্রমিক সংগঠনগুলো পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল। মজুরি নির্ধারণে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি ২৩ হাজার টাকা মজুরির দাবি উত্থাপন করেছিলেন। সরকার শ্রমিকদের দাবি উপেক্ষা করে মালিকদের প্রস্তাব অনুযায়ী ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে। বর্তমান দুর্মূল্যের বাজারে এই মজুরি যৌক্তিক নয়।

শ্রমিকদের আন্দোলনে বলপ্রয়োগ ও শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সাবেক ছাত্রনেতারা। তাঁরা দমন-পীড়ন বন্ধ করে বর্তমান বাজারদর এবং অন্যান্য দেশের মজুরিকাঠামো পর্যালোচনা করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার জন্য দাবি জানান। তা না হলে শ্রমিকদের অসন্তোষ ও মজুরি বৃদ্ধির আন্দোলন প্রশমিত হবে না। ফলে পুরো তৈরি পোশাক খাত ভবিষ্যতে আরও গভীর সংকটে নিপতিত হবে।

বিবৃতিতে সই করেন সাবেক ছাত্রনেতা নাজমুল হক প্রধান, আমীরুল হক, শফি আহমেদ, আকতার সোবহান মাশরুর, সোহানুর রহমান, আমিনুল ইসলাম, বজলুর রশীদ ফিরোজ, সুজা উদ্দিন জাফর, মোশরেফা মিশু, মোখলেস উদ্দিন শাহীন, এম এ আওয়াল, বেলাল চৌধুরী, রাজু আহমেদ, সিরাজুম মনির, জাহেদ ইকবাল খান, সালেহ আহমেদ, কামাল হোসেন, রুহিন হোসেন, রাগীব আহসান, এস এম আকরামুল হক, পারভেজ হাসেম।