সংঘাতময় সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে আরও ৫১ প্রবাসী দেশে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার সকালে এই ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দা থেকে রওনা দিয়ে বিজি ৩৩৬ ফ্লাইটটি আজ সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
একইভাবে সুদান থেকে জেদ্দা হয়ে ৮ মে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশি বিমানের ফ্লাইটে দেশে ফিরেছিলেন।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আরও বাংলাদেশিদের দেশে ফেরার কথা রয়েছে।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
সুদানে বাংলাদেশ দূতাবাস সূত্রের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সে দেশে থাকা বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় দেড় হাজার। তাঁদের মধ্যে যাঁরা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।