শীতে আক্রান্তদের সাহায্য করা ইবাদত

তীব্র শীতে রাতে ঘুম হয় না। তাই সকালে রোদের মধ্যে ঘুমাচ্ছে পথশিশুরা। জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তোলা
ফাইল ছবি: প্রথম আলো

শীতের এই সময় মোটা জামা কিংবা কম্বলের অভাবে কোথাও কোথাও মানুষের মৃত্যু বা সীমাহীন দুর্ভোগের খবর আমরা পাই। শীতে কাবু এসব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ।

দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়াতে ইসলাম মানুষকে বিশেষভাবে উৎসাহিত করেছে, মানুষকে ভালোবাসতে বলেছে। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না।’ (বুখারি, হাদিস: ৭৩৭৬)

অসহায়কে সাহায্য করা, পাশে দাঁড়ানো, জীবের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম আদর্শ। আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি পেতে হলে মানুষের প্রতি দয়া করতে হবে।

ঢাকাসহ সারা দেশে বিভিন্ন এলাকায় ‘মানবতার দেয়াল’ দেখা যায়। যেখানে একদল মানুষ জামাকাপড় রেখে যান, আরেক দল তা ব্যবহার করার জন্য নিয়ে যান। তীব্র এই শীতে অনেক মানুষ একটু উষ্ণতার জন্য খড়কুটো ও কাগজ জ্বালান। শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করেন। শীতের কষ্ট থেকে বাঁচতে চান। এরপরও ঘন কুয়াশা ও তীব্র শীতে নিদারুণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষ এসব মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা উচিত।  বঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফোটানো উচিত। এটা বড় ইবাদত।

ঘন কুয়াশা ও তীব্র শীতে নিদারুণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষ এসব মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা উচিত। বঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফোটানো উচিত। এটা বড় ইবাদত।

মানুষকে সাহায্য–সহযোগিতা করতে গিয়ে বান্দার যে পরিমাণ অর্থ ব্যয় হবে, এর বিনিময়ে আল্লাহ তাঁকে বহুগুণ সওয়াব দান করবেন। তাঁর আমলনামায় পুণ্য বাড়িয়ে দেবেন। তাঁর জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করবেন। হাদিসে আছে, ‘আল্লাহ তায়ালা দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে, তাদের প্রতি দয়া করো; তাহলে যিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবি দাউদ, হাদিস: ৪৯৪১)

অসহায়কে সাহায্য করা, পাশে দাঁড়ানো, জীবের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম আদর্শ। আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি পেতে হলে মানুষের প্রতি দয়া করতে হবে।
কুড়িগ্রামে একটি এলাকায় খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে পরিবারটি  

আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে আপন ধনসম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজের মতো; যা থেকে সাতটি শিষ জন্মায়, প্রতিটি শিষে থাকে এক শ দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা, আয়াত: ২৬১)