
দেশে প্রথমবারের মতো জন্মগত দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত একটি শিশুকে জিন থেরাপি দিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (নিনস)। গতকাল মঙ্গলবার ২২ কোটি টাকা মূল্যের ওষুধটি ওই শিশুকে বিনা মূল্যে দেওয়া হয়। নিনসের কর্মকর্তারা জানান, এই চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকেরা আধুনিক চিকিৎসার নতুন মাইলফলক স্পর্শ করলেন।
শিশুটির শরীরে ওই ওষুধ দেওয়ার পর গতকাল দুপুরে আলোচনা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে নিনস কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বলা হয়, শিশুটি ছিল স্পাইনাল মাস্কুলার এট্রফিতে আক্রান্ত। এটি জন্মগত একটি বিরল স্নায়ুরোগ। জিনগত ত্রুটির কারণে এই রোগ দেখা দেয়। আক্রান্ত শিশুর শরীর ক্রমাগত দুর্বল হতে থাকে। ফলে শিশু বসতে ও দাঁড়াতে পারে না। তবে বুদ্ধিমত্তা ঠিক থাকে। আক্রান্ত শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্বাসতন্ত্রে জটিলতা দেখা দেয় এবং একপর্যায়ে মারা যায়। একসময় রোগটির কোনো চিকিৎসা ছিল না। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রোগ সম্পর্কে জানেন না। তবে এই রোগের ওষুধ আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত ওষুধ বা জিন থেরাপি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদনও দিয়েছে। এক ডোজের এই ওষুধের মূল্য ২২ কোটি টাকা। প্রত্যেক রোগীর জিনগত বৈশিষ্ট৵ এবং শারীরিক নানা রকম বিষয় যাচাই-বাছাই করে অত্যন্ত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ওষুধটি প্রস্তুত করা হয়। এ কারণে দাম এত বেশি। এই জিন থেরাপি চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব।
অনুষ্ঠানে বলা হয়, বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস ওষুধটি বিনা মূল্যে নিনসকে দিয়েছে। কোন শিশুরা এই বিশেষ ওষুধ পাওয়ার সুযোগ পাবে তা মূল্যায়ন করার জন্য তাদের গ্লোবাল ম্যানেজড অ্যাক্সেস প্রোগ্রাম (জিম্যাপ) নামের একটি কর্মসূচি আছে। জিম্যাপের আওতায় এবং নিনসের সহায়তায় গতকাল ঢাকায় ওই শিশুকে ওষুধটি দেওয়া হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে আরও শিশুর এই চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ পর্যন্ত গোটা বিশ্বে ২ হাজার ৩০০ রোগীকে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, নিনসের পরিচালক কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক বদরুল আলম, নোভারটিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মামুন প্রধানী প্রমুখ বক্তব্য দেন।