সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের ওপর গবেষণা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের ওপর গবেষণা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

আর্থিক সহায়তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা সুবিধাবঞ্চিত এলাকায় শিক্ষার্থী ঝরে পড়া কমাতে পারে

সুবিধাবঞ্চিত এলাকায় প্রান্তিক শিক্ষার্থীদের জন্য আর্থিক ও শিক্ষাসামগ্রীর চ্যালেঞ্জ মোকাবিলায় স্কুল কর্তৃপক্ষের সক্রিয় সম্পৃক্ততা, অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করা, বাড়িতে ও স্কুলে শেখার একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া হারের একটি উল্লেখযোগ্য অংশ হ্রাস করতে পারে। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং এর স্থানীয় অংশীদার সুরোভির উদ্যোগে ‘চাইল্ড ব্রাইড টু বুকওয়ার্ম (সিবিবি)’ প্রকল্পের অধীনে বাংলাদেশের শহুরে সুবিধাবঞ্চিত এলাকায় স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস করার লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হয়। এই প্রকল্পের অধীনে গবেষণাটি পরিচালিত হয়েছিল।

বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে।

২০২০ সালের সেপ্টেম্বরে চালু হওয়া চার বছর মেয়াদি উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা ও এর আশপাশের সুবিধাবঞ্চিত এলাকায় ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস করার লক্ষ্য অর্জনে স্কুল কর্তৃপক্ষের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করে।

গবেষণা প্রতিবেদনে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এতে দেখা গেছে, বিভিন্ন স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ঝরে পড়ার হার শতকরা ২০ দশমিক ২৮ থেকে ২ দশমিক ২৯–এ হ্রাস পেয়েছে। সপ্তম শ্রেণিতে ২২ দশমিক ২১ শতাংশ থেকে ৩ দশমিক ৬৮ শতাংশে হ্রাস পেয়েছে। এ ছাড়া অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ঝরে পড়া উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা প্রায় ১২ থেকে কমে ৪ শতাংশে পৌঁছায়।

গবেষণায় দেখা দেখা গেছে, প্রকল্পটি স্কুল পরিচালনা কমিটি (এসএমসি) এবং শিক্ষকদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। যা তাদের সক্ষমতা বাড়াতে এবং স্কুল পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছে।

স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী পুনরায় ভর্তি হয়েছে।

প্রকল্পের অধীনে থাকা প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের ওপর গবেষণা করে এবং চার ধাপের কৌশল অবলম্বন করা হয়। ধাপগুলো হলো—১. স্কুল পরিচালনা প্রক্রিয়া শক্তিশালী করা, ২. স্কুলভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, ৩. বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়া হ্রাস করে মডেল স্কুল প্রতিষ্ঠা করা ও ৪. কোভিড-১৯–এ সাড়া প্রদান।

এই প্রকল্পের আওতায় সমাজভিত্তিক বিভিন্ন উদ্যোগ; যেমন বিকল্প শিক্ষাসহায়তা, টিউশন ফি, স্কুল ভর্তি ফি, স্কুল পোশাকে সহায়তা ও মহামারি পরিস্থিতিতে অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। যা হাজারো প্রান্তিক শিশুকে ঢাকার সুবিধাবঞ্চিত এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ে তাদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা করেছিল।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ (আরডিসি) এই বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মাঠপর্যায়ে গবেষণাটি পরিচালনা করে।

শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা যায়।

সমীক্ষায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৩ সালে পুনরায় ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় ৮২ শতাংশ স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুনঃভর্তি হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড ব্রাইড টু বুকওয়ার্ম প্রকল্পের ম্যানেজার ফারজানা বারী বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধির সমন্বয়ে স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক, স্থানীয় সরকার ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি স্কুল ব্রিগেড বা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা প্রয়োজন। যাতে করে কার্যকরভাবে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করা যায়।

ফারজানা বারী আরও বলেন, স্কুল ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) এবং ছাত্র সংসদের (স্টুডেন্ট ক্যাবিনেট) সক্ষমতা বৃদ্ধি তাদের একসঙ্গে সঠিকভাবে কাজ করতে সক্ষম করে; যা স্কুল পরিচালনায় তাদের সক্রিয় ভূমিকা পালন নিশ্চিত করে। এই প্রকল্পে ১০ হাজার ৭৯ শিক্ষার্থী, ৬৭৫ শিক্ষক, ২০১ এসএমসি, ১ হাজার ১৬৭ জন অভিভাবক এবং ২০১৫ জন প্রান্তিক পরিবার অংশগ্রহণ করে।

গবেষণার জন্য ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬০ জন মূল অংশীদারের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই স্কুলগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পাঁচটি সুবিধাবঞ্চিত এলাকায় অবস্থিত। সেগুলো হলো—মালেক মেম্বার সুবিধাবঞ্চিত এলাকা, মিরনজিলা অ্যান্ড আইজি কলোনি, রবিদাস পাড়া, ধলপুর (সিটি পল্লি) এবং ঢাকা ম্যাচ কলোনি।

করোনা মহামারির সময় বিকল্প ব্যবস্থায় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, আনুমানিক ১ দশমিক ৮ কোটি মানুষ সুবিধাবঞ্চিত এলাকায় বসবাস করে। শুধু রাজধানী ঢাকাতেই পাঁচ হাজারের বেশি সুবিধাবঞ্চিত এলাকা রয়েছে। এসব এলাকায় ৪০ লাখ (আনুমানিক) মানুষ বসবাস করে।

বিভিন্ন জরিপে দেখা গেছে, দীর্ঘস্থায়ী দারিদ্র্য, মা–বাবার অনিচ্ছা, আর্থিক সীমাবদ্ধতা, স্কুলের অপর্যাপ্ত অবকাঠামো, পক্ষপাতদুষ্ট সামাজিক অনুশাসন এবং শিশুশ্রমের মতো কারণ স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার সমস্যা আরও বাড়িয়েছে। মাধ্যমিক স্তরে ঝরে পড়ার সমস্যা বেড়েছে আরও। এ ধরনের আর্থসামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের প্রেক্ষাপটে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২০ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি শুরু করে।

বেশির ভাগ তথ্যদাতার মতে, বস্তি এলাকায় স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার প্রাথমিক কারণ হলো আর্থিক সংকটের কারণে বেতন দিতে না পারা। দেখা গেছে, অনেক শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসে এবং কেউ কেউ বস্তি থেকে উচ্ছেদ হওয়ার পর অতিরিক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়। যার ফলে আর্থিক কষ্ট আরও বেড়ে যায়।

শিক্ষা চালিয়ে নিতে মা–বাবার কাছে সমর্থন পাওয়ার হার।

এই প্রকল্পের আওতায় স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সহায়তায় শিক্ষার্থীদের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করেছে স্কুলগুলো। যারা আর্থিক সংকটে রয়েছে, তাদের জন্য একটি ‘হাফ-টিউশন ফি’ প্রদানের ব্যবস্থা করা হয়। এ ছাড়া স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ফি মওকুফেও অবদান রাখেন।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সক্রিয়ভাবে শিক্ষার্থীদের মা–বাবার সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের সন্তানদের অব্যাহত শিক্ষাকে উৎসাহিত করার জন্য অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা মাঠ পরিদর্শনের মাধ্যমে স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাব্য তালিকা করেন। পরে শিক্ষার মূল্য সম্পর্কে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করেন তাঁরা।

স্কুলে সহায়ক শিক্ষার পরিবেশ স্থান পেয়েছে গবেষণায়।

বিকল্প শিক্ষাদান ব্যবস্থা
করোনা মহামারি চলাকালীন দেশে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সারা দেশে প্রযুক্তিভিত্তিক বিকল্প শিক্ষার উদ্যোগ গ্রহণ করে সরকার। সুবিধাবঞ্চিত এলাকার ৯০ শতাংশ পরিবারে প্রযুক্তিভিত্তিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ না থাকায় এই বিকল্প শিক্ষা গ্রহণ সেখানে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য সম্ভব ছিল না। প্রকল্পটি বিগ ব্রাদার অ্যান্ড বিগ সিস্টার (বিবিবিএস) অ্যাপ্রোচের মাধ্যমে সামাজিকভাবে স্বেচ্ছাসেবী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতায় বিকল্প শিক্ষাদান কার্যক্রম শুরু করে।

প্রকল্পের কার্যক্রমের আওতায় প্রথমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বস্তিতে পাঠদান সহায়তা প্রদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বস্তিতে বসবাসকারী দরিদ্র পরিবারের ৫৫৭ জন শিক্ষার্থীকে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) পাঠদান করে।

পড়াশোনা থেকে দীর্ঘ বিরতির কারণে যারা স্কুল ছেড়ে গেছে করোনা মহামারির পরে চাইল্ড ব্রাইড টু বুকওয়ার্ম প্রকল্পটি তাদের সবাইকে স্কুলে ফিরিয়ে আনতে কাজ করে।

‘এন্ড লাইন স্টাডি অব দ্য চাইল্ড ব্রাইড টু বুকওয়ার্ম (সিবিবি) প্রকল্প’ শীর্ষক গবেষণার দলনেতা ছিলেন আরডিসির চেয়ারপারসন অধ্যাপক মেসবাহ কামাল।