
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন নিয়ে ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার বিকেলে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহাকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের কমিটিতে রয়েছেন সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর, ডেপুটি রেজিস্ট্রার রশীদুল হায়দার জাবেদ ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিম। কমিটিতে ফজলুল করিমকে সদস্যসচিব করা হয়েছে।
সম্প্রতি নিয়োগ–বাণিজ্যের লেনদেন নিয়ে ফোনালাপ ফাঁস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাশ ও একজন নিয়োগপ্রার্থীর মধ্যে ওই কথোপকথন হয়েছিল। এতে চাকরি দেওয়ার কথা বলে তিনজনের কাছ থেকে ৮ লাখ ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি উঠে এসেছে।
প্রায় ছয় মাস আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে ফোনে কথোপকথন ফাঁস হয়েছিল। তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে পাঁচটি ফোনালাপ ফাঁস হয়েছিল। এসব ফোনালাপ ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল, কর্মচারী আহমদ হোসেন ও দুই নিয়োগপ্রার্থীর।