বাংলাদেশে মেধাস্বত্ব চর্চা বিষয়ে গণ-আলোচনায় বক্তব্য দেন শাকুর মজিদ। পাশে (বাঁ থেকে) জাফর রাজা চৌধুরী ও শহীদুল্লাহ ফরায়জী। বিশ্বসাহিত্য কেন্দ্রে, ১৭ নভেম্বর
বাংলাদেশে মেধাস্বত্ব চর্চা বিষয়ে গণ-আলোচনায় বক্তব্য দেন শাকুর মজিদ। পাশে (বাঁ থেকে) জাফর রাজা চৌধুরী ও শহীদুল্লাহ ফরায়জী। বিশ্বসাহিত্য কেন্দ্রে, ১৭ নভেম্বর

বাউল রশিদ উদ্দিনের গান অন্যের নামে, মেধাস্বত্ব সুরক্ষার তাগিদ

‘শুয়া চান পাখি’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’, ‘মা লো মা/ ঝি লো ঝি’—জনপ্রিয় এসব গানের স্রষ্টা বাউল কবি রশিদ উদ্দিন। অথচ তাঁর অনেক গানই এখন অন্যের নামে প্রচলিত। কোথাও গানের কিছু অংশ, কোথাও আবার শব্দ ও চরণ বদলে নিজের নামে প্রচার করছেন অন্যরা। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এই বাউল কবির অসংখ্য সৃষ্টি। তাঁর গানগুলোর যথাযথ স্বীকৃতি ও মেধাস্বত্ব নিশ্চিত করার দাবি উঠেছে এক গণ-আলোচনায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বাংলাদেশে মেধাস্বত্ব চর্চা: বাউল রশিদ উদ্দিনের জীবন-অভিজ্ঞতা’ শীর্ষক গণ-আলোচনায় এ বিষয় উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক তরুণ চিন্তকদের সংগঠন রিডিং ক্লাব ট্রাস্ট এ আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক জুলফিকার ইসলাম বলেন, এটি তাঁদের ৫৬৪তম গণ-আলোচনা। ২০১১ সাল থেকে তাঁদের এই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনার আয়োজন করেন। এবারের বিষয় কপিরাইট বা মেধাস্বত্ব আইন।

আলোচনার শুরুতে বাউল কবি রশিদ উদ্দিনের জীবন ও গান নিয়ে স্থপতি, নাট্যকার ও তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ নির্মিত তথ্যচিত্র ‘ভাটি বাংলার অধিরাজ’ প্রদর্শন করা হয়।

এর আগে শাকুর মজিদ বলেন, কপিরাইট সুরক্ষার অভাবে দেশের অনেক সৃজনশীল মানুষের মেধাসম্পদ অন্যরা নিজের নামে দাবি করছেন। এতে প্রকৃত স্রষ্টারা তাঁদের সৃষ্টির স্বীকৃতি ও আর্থিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। লোকগান ও লোকশিল্পীদের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট।

বাউল রশিদ উদ্দিনের গানের উদাহরণ দিয়ে শাকুর মজিদ বলেন, তাঁর গানগুলো বলতে গেলে ‘হরিলুট’ হয়ে গেছে। গানগুলোতে এই বাউল মনুষ্যত্ব, মানবিকতা ও নিজের অন্তরে পরমাত্মার অনুসন্ধানের কথা বলেছেন। অথচ তাঁর অনেক গানই এখন অন্যের নামে চলছে।

১৮৮৯ সালে নেত্রকোনার বাহের চাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাউল রশিদ উদ্দিন। ১৯৬৪ সালে তাঁর মৃত্যু হয়। তথ্যচিত্রে দেখানো হয়, তাঁর নিজের হাতে লেখা একটি খাতায় দেড় শতাধিক গান রয়েছে। তাঁর নাতি ও স্থানীয় শিল্পীদের ভাষ্য অনুযায়ী, রশিদ উদ্দিনের লেখা গানের সংখ্যা সহস্রাধিক। কিন্তু সেগুলোর অধিকাংশই সংরক্ষিত হয়নি।

রশিদ উদ্দিনের জনপ্রিয় কয়েকটি গান অন্যের নামে প্রচলিত হয়েছে। কোনো গানের অংশবিশেষ, আবার কোনো গানের শব্দ ও চরণ পরিবর্তন করে নিজেদের নামে প্রচার করছেন কেউ কেউ। তাঁর শিষ্যদের মধ্যে ছিলেন ভাটি অঞ্চলের বিখ্যাত গীতিকবি শাহ আবদুল করিম, উকিল মুন্সি ও জালাল খাঁ। আলোচনায় রশিদ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তাঁর গানগুলোর যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা পর্বে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জীবিত অবস্থাতেই তাঁর একাধিক গান অন্যের নামে প্রচার করা হয়েছে। সেখানে রশিদ উদ্দিনের গান অন্যের নামে চালিয়ে দেওয়া বিস্ময়কর নয়।

শহীদুল্লাহ ফরায়জী বলেন, দেশে মানুষের জীবনেরই নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়নি। সেখানে মানুষের সৃষ্টির নিশ্চয়তা আসবে কীভাবে? এ জন্য আগে মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্যের সম্পদ নিজের বলে দাবি করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

কপিরাইট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। তিনি বলেন, মেধাসম্পদের আর্থিক ও মেধাগত—দুই ধরনের মূল্য রয়েছে। আর্থিক মূল্য অন্যকে দেওয়া যায়, কিন্তু মেধাগত মূল্য যার ওই মেধাসম্পদ তার কাছেই থাকবে।

উদাহরণ দিয়ে জাফর রাজা চৌধুরী বলেন, কোনো কবি তাঁর কাব্যগ্রন্থের আর্থিক মূল্য অন্য কাউকে দান করতে পারেন। সে ক্ষেত্রে ওই ব্যক্তি বইটির আর্থিক মূল্য পাবেন। কিন্তু কাব্যগ্রন্থটি সেই কবির মেধাসম্পদ হিসেবে কবির নামেই থাকবে। এ কারণে মেধাসম্পদের আইনগত সুরক্ষা নিশ্চিত করতে কপিরাইট নিবন্ধন করা প্রয়োজন। বিষয়টি খুব জটিল নয়, তবে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো দরকার।

জাফর রাজা চৌধুরী আরও বলেন, বাউল রশিদ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে কপিরাইট কার্যালয়ে আবেদন করা হলে প্রয়োজনীয় তথ্যানুসন্ধানের মাধ্যমে তাঁর গানগুলোর মেধাস্বত্ব পাওয়ার সুযোগ রয়েছে। এখনো সেই সুযোগ আছে।