
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালের সাথে জড়িত অন্য কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত একটি ট্রাইব্যুনাল, যেখানে আন্তর্জাতিক মানের বিচার অনুষ্ঠিত হবে।’
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আমরা চাই একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক। ট্রাইব্যুনালের গতিশীলতা বাড়ুক এবং স্বচ্ছতার সঙ্গে বিচারকাজ পরিচালিত হোক। আর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর বিচার যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়।