কৃষকের বন্ধু ইয়ানমার কম্বাইন হারভেস্টার

মানিকগঞ্জের কৃষক আজহার ফরাজি। জীবকা নির্বাহ করেন কৃষিকাজ করেই। প্রতিবছর তাঁর ফসলি জমিতে ধান চাষ করে যে ধান পান, সারা বছরের খাবারের জন্য রেখে বাকিটা বিক্রি করে দেন এবং এ টাকা দিয়েই পুরো বছর সংসার চালাতে হয় তাঁকে। কিন্তু জমিতে ধান রোপণ করলেই চিন্তায় থাকতে হয় আজহার ফরাজিকে। বন্যায় ধানি জমিতে পানি ওঠে। ফসল নষ্ট হয়ে যায়। অথবা ধান পেকে গেলে কাটার জন্য শ্রমিক পান না। তখন জমিতেই বেশির ভাগ ধান নষ্ট হয়ে যায়। শুধু আজহার ফরাজিই নন, দেশের অধিকাংশ কৃষকের নানা কারণে জমির ফসল নষ্ট হয়। ফলে কৃষকের যেমন ক্ষতি হয়, তেমনি দেশের ধান মজুতের পরিমাণও কমে যায়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাবমতে, বর্তমানে বাংলাদেশে বাৎসরিক ৩৩৮.০৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। অন্যদিকে দেশে বাৎসরিক ধানের চাহিদা ৩৫০ লাখ মেট্রিক টন। হতাশার বিষয় হলো, যে ধানের এত চাহিদা, সেই ধান এখনো কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে গিয়ে কৃষকদের অনেক সমস্যার মুখে পড়তে হয়।

প্রথমত, ধান কাটার মৌসুমে শ্রমিক-সংকট দেখা যায়। পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় না। এই সংকট বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। শুধু শ্রমিক-সংকটের কারণে প্রতিবছর বন্যায় অনেক ধান নষ্ট হয়। আর শ্রমিক পাওয়া গেলেও তাঁদের মজুরি হয় বেশি। দেখা যায়, মৌসুমের সময় প্রতি একর ১২ থেকে ১৫ হাজার টাকা দিতে হয় শ্রমিকদের। এ ছাড়া শ্রমিক দিয়ে কাটার ফলে ধান নষ্টের পরিমাণ প্রায় ১৩ দশমিক ৬ লাখ মেট্রিক টন।

আশার বিষয় হলো, বর্তমানে সরকার কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশব্যাপী ভর্তুকিতে হারভেস্টার সরবরাহ করছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। ২০২০ সাল থেকে এ পর্যন্ত ছয় হাজারের বেশি হারভেস্টার সরবরাহ করেছে প্রতিষ্ঠানগুলো। বাজারে অনেক ব্র্যান্ডের হারভেস্টার থাকলেও দেশের সর্বাধিক ব্যবহৃত ও জনপ্রিয় হারভেস্টার ব্র্যান্ডের নাম ইয়ামাহা। বাংলাদেশে জাপানি ব্র্যান্ড ইয়ানমার হারভেস্টার নিয়ে এসেছে দেশের বৃহৎ কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস।

এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘ধানের জন্য একদম জমি চাষ থেকে শুরু করে লাগানো, কাটা, শুকানো, ঝাড়া, মাড়াই সবকিছুর একটা পূর্ণাঙ্গ সমাধান আমাদের রয়েছে। কৃষিকাজে সময় অনুযায়ী কাজ করতে হয়। যখন লাগানোর দরকার, তখনই ধান লাগাতে হবে। যখন ফসল তোলার চূড়ান্ত সময়, তখন শ্রমিকের ঘাটতি থাকে ৪৫ শতাংশ। তাই অধিক মজুরিতেও শ্রমিক পাওয়া যায় না। এ ক্ষেত্রে শ্রমিকের পরিবর্তে যন্ত্র ব্যবহার করা যেতে পারে। কৃষিনির্ভর যন্ত্রপাতি কৃষকের জন্য সাশ্রয়ী ও ঝামেলামুক্ত হবে।’

পূর্ণ কৃষিখামার যান্ত্রিকীকরণের লক্ষ্যে ফসল উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তি নিয়েই এসিআই মোটরস কাজ করছে। এর মধ্যে ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্ল্যান্টার, ধান কাটার জন্য রিপার, ধান কাটা এবং ধান মাড়াইয়ের জন্য কম্বাইন হারভেস্টার, ধান এবং বিভিন্ন ফসল শুকানোর জন্য ড্রায়ার, ফসল সংরক্ষণের জন্য কোকুন। এ ছাড়া সেচের জন্য ডিজেল ইঞ্জিন, ওয়াটার পাম্প রয়েছে। এর বাইরে আরও অনেক পণ্য রয়েছে। হারভেস্টার নিয়ে বাংলাদেশে প্রথম কাজ শুরু করে এসিআই মোটরস। লোভোল, ডেডং ছাড়া আরও দুয়েকটি কম্বাইন হারভেস্টার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। তাদের সর্বশেষ সংযোজন ইয়ানমার হারভেস্টার।

এ ব্যাপারে সুব্রত রঞ্জন দাস বলেন, ‘এসিআই মোটরস শুধু হাওরাঞ্চলেই করোনার সময় ৮০০ কম্বাইন হারভেস্টার সরবরাহ করেছে। হাওরাঞ্চলে ব্যবহৃত প্রতি ১০টি হারভেস্টারের মধ্যে ৮টিই ইয়ানমার কম্বাইন হারভেস্টার। গত দুই বছরে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় দুই হাজার ইয়ানমার কম্বাইন হারভেস্টার সরবরাহের মাধ্যমে সর্বোচ্চ মার্কেট শেয়ার নিয়ে এসিআই মোটরস শীর্ষে রয়েছে। ৫ বছর আগেও যেখানে মাত্র শতকরা ১ ভাগ জমি যান্ত্রিকভাবে কাটার কাজ করা হতো, সেখানে চাষের জন্য এখন প্রায় শতকরা ১৫ ভাগ জমি যান্ত্রিকভাবে কাটা হয়।’

দেশের সব অঞ্চলে ইয়ানমার হারভেস্টার গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা ও স্পেয়ার পার্টস পৌঁছে দিতে রয়েছে এসিআই মোটরসের ইয়ানমার সার্ভিস সেন্টার। হারভেস্টারের সার্ভিসকে ত্বরান্বিত করার লক্ষ্যেই দেশে প্রথম ইয়ানমার সার্ভিস সেন্টার হাওরবেষ্টিত এলাকায় চালু করা হয়েছে। হারভেস্টারের গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে ইয়ানমার সার্ভিস ভ্যান। এই ভ্যানে একজন দক্ষ টেকনিশিয়ান ও হারভেস্টারের প্রয়োজনীয় সব স্পেয়ার পার্টস থাকে। সার্ভিস ভ্যানটি দিয়ে স্বল্প সময়ে এসিআই মোটরস স্পেয়ার পার্টসসহ প্রয়োজনীয় সার্ভিস গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

কৃষি উদ্যোক্তার সহজ মনিটরিং এবং রক্ষণাবেক্ষণের জন্য এসিআই মোটরস প্রথমবারের মতো প্রযুক্তি-সংবলিত ইয়ানমার কম্বাইন হারভেস্টার প্রচলন করে। কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেল এবং কমার্শিয়াল ভেহিকেল নিয়েও কাজ করছে।
আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ; সময় ও অর্থসাশ্রয়ী

এসিআই মোটরসের পক্ষ থেকে জানানো হয়, ইয়ানমার হারভেস্টারে রয়েছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম, যা অনাকাঙ্ক্ষিত ইঞ্জিন ব্রেকডাউন রোধ করে। এক একর জমির ধান-গম কাটতে সময় লাগে মাত্র দুই ঘণ্টা এবং ইয়ানমার হারভেস্টারের মাধ্যমে দিনে ছয় থেকে সাত একর জমির ধান কাটা সম্ভব। একজন চালক এবং দুজন সহকারী হলেই হারভেস্টারটি দিয়ে সব কাজ সম্পন্ন করা যায়। অন্যদিকে এক একর জমির ধান কাটতে ২১ জন শ্রমিকের ৮ ঘণ্টার মতো সময় লাগে। অর্থাৎ, ইয়ানমার হারভেস্টার ব্যবহারে একরপ্রতি শ্রমিক সাশ্রয় হয় ৮৬ শতাংশ এবং সময় সাশ্রয় হয় ৭৫ শতাংশ। শ্রমিক দিয়ে এক একর জমির ধান কাটতে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। আর হারভেস্টার দিয়ে কাটলে আড়াই থেকে তিন হাজার টাকায় সব কাজ সম্পন্ন হয়; অর্থাৎ অর্থসাশ্রয় হয় প্রায় ৭৯ শতাংশ।

এ ছাড়া ইয়ানমার হারভেস্টারে রয়েছে স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম (এসএআর), যার মাধ্যমে ঘরে বসেই মেশিনের অবস্থান, দিনে কত ঘণ্টা চলেছে, কতটুকু জমির ধান কাটা হয়েছে এবং মেশিনে কোনো ইলেকট্রিক্যাল সমস্যা আছে কি না, তা জানা যায়।