বাবার সঙ্গে দুই ভাই শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিন (১৫); স্কুলপড়ুয়া এই দুই ভাই এখন আর নেই
বাবার সঙ্গে দুই ভাই শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিন (১৫); স্কুলপড়ুয়া এই দুই ভাই এখন আর নেই

তেলাপোকার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় করা মামলার বিচার শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মাসুদ করিম সম্প্রতি এ আদেশ দেন।

মামলাটিতে বালাইনাশক (পেস্ট কন্ট্রোল) প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে অভিযুক্ত হয়েছে। তাঁরা হলেন ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল আমীন, প্রতিষ্ঠানটির কর্মী টিটু মোল্লা ও মোসলেহ উদ্দিন শামীম। এই চার আসামি জামিনে আছেন।

মামলার এজহারের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২ জুন ভাটারায় জনৈক মোবারক হোসেনের বাসার পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কীটনাশক প্রয়োগ করা হয়। পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কর্মীরা বলেছিলেন, কীটনাশক প্রয়োগের তিন থেকে চার ঘণ্টার মধ্যে বাসায় প্রবেশ করা যাবে না। এরপর পরিবারটি বাইরে সময় কাটিয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে শাহির মোবারত (৯)। এরপর অসুস্থ হয়ে পড়ে তার বড় ভাই শায়ান মোবারত (১৫)। ৪ জুন ভোরে দুই ভাইকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহিরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শায়ানও মারা যায়। দুই সন্তানের মৃত্যুর ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে তখন ভাটারা থানায় একটি মামলা করেন।

মামলাটির তদন্ত করে গত বছরের ৩১ জানুয়ারি ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ বছর ১৯ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তখন তাঁরা নিজেদের নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত সেদিন আসামিপক্ষের আবেদন নাকচ করে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযোগপত্রে বলা হয়, ভাটারায় মোবারক হোসেনের বাসার পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বালাইনাশক প্রতিষ্ঠান ডিসিএস মিরাজি কীটনাশক ব্যবহার করেছিলেন, যা বাসাবাড়িতে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিহত দুটি শিশুর ফুসফুসে অ্যালুমিনিয়াম ফসফাইড (বিষ) পাওয়া যায়।