চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে বেড়েছে শীতের তীব্রতা। সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা বাতাস। সকালবেলা থাকছে কুয়াশায় ঢাকা। তীব্র শীতের কারণে কাবু হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের লোকজন।
এখন তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে চট্টগ্রামে এ মুহূর্তে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।
এক সপ্তাহ আগে ২৯ ডিসেম্বর চট্টগ্রামে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। শীতের তীব্রতা তেমন ছিল না। এর পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে তাপমাত্রা নেমে আসে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল বুধবারও একই তাপমাত্রা ছিল। এর আগের দিন ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি। এ সপ্তাহে সবচেয়ে কম তাপমাত্রা ছিল বছরের প্রথম দিন, ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জানুয়ারি মাসে এই তাপমাত্রা স্বাভাবিক বলে জানান চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা হারুনুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, বছরের এই সময়ে তাপমাত্রা কমতে শুরু করে। এখন তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে চট্টগ্রামে এ মুহূর্তে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।
এদিকে তাপমাত্রা হ্রাস ও ঠান্ডা বেড়ে যাওয়ায় কষ্টে আছেন লোকজন। বেশি দুর্ভোগে আছেন ফুটপাত ও খোলা আকাশের নিচে থাকা দরিদ্র মানুষেরা। তাঁদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। তাই ঠান্ডা থেকে বাঁচতে কাগজ, পলিথিন ও ছেঁড়া কাপড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তাঁরা।
দোকানে ভোরে বিক্রি শুরু হয়। কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় লোকজন খুব একটা আসেন না। আবার ঠান্ডায় নিজেদের বসে থাকতে কষ্ট হয়।সাইফুল ইসলাম, চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের একটি খাবারের দোকানের ব্যবস্থাপক
আজ সকালে কাজীর দেউড়ি মোড়ে কথা হয় রিকশাচালক আবদুল খালেকের সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন সকাল সকাল রিকশা নিয়ে বের হন। কিন্তু চার-পাঁচ দিন ধরে ঠান্ডায় ঘর থেকে বের হতে দেরি হয়ে যায়। আবার সন্ধ্যার দিকে বেশি ঠান্ডা পড়ে। তাই আগেভাগে ঘরে চলে যেতে হয়। তা ছাড়া বেশি ঠান্ডায় কষ্ট হয় রিকশা চালাতে। কমে গেছে আয়রোজগার।
ঠান্ডা বেড়ে যাওয়ায় কষ্টে আছেন লোকজন। বেশি দুর্ভোগে ফুটপাত ও খোলা আকাশের নিচের থাকা দরিদ্র মানুষেরা। তাঁদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। তাই ঠান্ডা থেকে বাঁচতে কাগজ, পলিথিন ও ছেঁড়া কাপড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তাঁরা।
আজ দুপুরে নগরের পুরাতন চান্দগাঁও এলাকার ভাসমান ফল বিক্রেতা মামুন খান বলেন, আগে সকালে দোকান খুলতেন। এখন ঠান্ডায় দুপুর হয়ে যায়। সন্ধ্যার দিকে বেচাবিক্রি বেশি হতো। কিন্তু ঠান্ডায় রাস্তাঘাটে লোকজন কম থাকেন। তাই বিক্রিও হয় না তেমন।
চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) কুয়াইশ রাস্তার মাথার একটি খাবারের দোকানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, তাঁদের দোকানে ভোরে বিক্রি শুরু হয়। কিন্তু এখন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় লোকজন খুব একটা আসেন না। আবার ঠান্ডায় তাঁদেরও বসে থাকতে কষ্ট হয়।