সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার উপকমিটি পুনর্গঠন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৩-২৪) নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূরের সই করা এক চিঠিতে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। ১৫ ও ১৬ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে গত নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। আর সহসম্পাদক, কোষাধ্যক্ষসহ অপর সাতটি পদে জয় পান বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির নির্বাচন পরিচালনার জন্য এর আগে সমিতির বর্তমান সম্পাদক মো. আবদুন নূর (আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত) আইনজীবী শাহ খসরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেন। অন্যদিকে কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ (বিএনপি–সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত) আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেন।

জানতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির সম্পাদক মো. আবদুন নূর প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে জ্যেষ্ঠ আইনজীবীসহ দুই পক্ষ আলোচনায় বসেছিল। আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সমিতির সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ প্রথম আলোকে বলেন, বিদায়ী কমিটির মূল কাজ ছিল সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। গঠিত উপকমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন। কমিটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।