
করোনা মহামারির আগেও দক্ষিণ এশিয়ার দু-একটি দেশ ছাড়া কোনো দেশই শিক্ষার ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে ছিল না। কেন এমন হলো; কীভাবে দক্ষিণ এশিয়ার শিক্ষা অগ্রগতিকে সঠিক পথে আনা যায়—এসব প্রশ্নের উত্তর খুঁজেছে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত জন রিচার্ডস, মঞ্জুর আহমেদ ও শহিদুল ইসলামের বই ‘দ্য পলিটিক্যাল ইকোনমি অব এডুকেশন ইন সাউথ এশিয়া’।
বইটিতে পাঁচটি দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ওপর আলোকপাত করা হয়েছে। বইটির মূল আলোচনা তিনটি অংশে করা হয়েছে। প্রথম অংশে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার প্রায় সব কটি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার শিক্ষা সমস্যা বের করার চেষ্টা করা হয়েছে।
দ্বিতীয় অংশে উঠে এসেছে শিক্ষকের ঘাটতি, কাদের শিক্ষক হওয়া উচিত এবং শিক্ষকেরা কীভাবে আরও বেশি পেশাদার হয়ে শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনতে পারেন—এমন বিষয়গুলো। বইটির শেষ অংশে শিক্ষাগত সংস্কারের রাজনীতি ও অর্থনীতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুলনামূলক শিক্ষাবিষয়ক গবেষক, দক্ষিণ এশীয় স্টাডিজের স্নাতক শিক্ষার্থী, বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থার কর্মকর্তা, আন্তর্জাতিক ও জাতীয় এনজিওর কর্মকর্তা এবং দক্ষিণ এশিয়াজুড়ে সরকার ও সুশীল সমাজের বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির পাঠকদের ভালো লাগবে।
বইটি সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, শুধু শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞদের জন্য নয়, উন্নয়ন অনুশীলনকারী, নীতিনির্ধারক এবং জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে রাজনৈতিক নেতাদের জন্য বইটি পড়া বাধ্যতামূলক করা উচিত।
প্রথমা প্রকাশিত ‘দ্য পলিটিক্যাল ইকোনমি অব এডুকেশন ইন সাউথ এশিয়া’ বইটির মুদ্রিত মূল্য ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে রাজধানীর বাংলাবাজার, কারওয়ান বাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেট, মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিলে প্রথমা বুক ক্যাফেসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসেও বইটি পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অনলাইনে অর্ডার করা যাবে https://tinyurl.com/5a9k766e ঠিকানায়। এ ছাড়া ০১৭৩০০০০৬১৯ নম্বরে সরাসরি কল করে বইটি পাওয়া যাবে।