চট্টগ্রামে পাঁচ হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

আদালত
প্রতীকী ছবি

পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের ৫ হোটেল ও রেস্তোরাঁকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে নগরের কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও মনসুরাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, অভিযানে রেস্তোরাঁগুলোর ফ্রিজে বাসি কাবাব ও মুরগি সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে। রান্নায় ব্যবহার করা হচ্ছিল পোড়া তেল। এ ছাড়া মেয়াদবিহীন বিভিন্ন মসলা ও রান্নার উপকরণ পাওয়া গেছে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, এসব কারণে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন তানুর কাবাব রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, বহদ্দারহাট মোড়ের আলিফ রেস্টুরেন্টকে ৭০ হাজার, মনসুরাবাদ এলাকার নিউ মেহমান হোটেলকে ৫ হাজার ও কাশেম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বহদ্দারহাট এলাকার দ্য ব্লু  মুন নামের একটি আবাসিক হোটেলের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।