আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার এই নির্দেশ দেন।

আজ শুনানিতে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে জানানো হয়, ধনঞ্জয় কুমারের ঠিকানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছেন। তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তার না করতে পারার প্রতিবেদন এসেছে।

ধনঞ্জয় কুমার যেন আত্মসমর্পণ করেন সে জন্য একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৫ অক্টোবর।

এই মামলার আরেক আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২৭ আগস্ট এই মামলার শুনানিতে প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন বলেছিলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সরকার পরিকল্পনা করে হত্যাকাণ্ড চালিয়েছে। সে সময় সরকারের যেসব সভায় হত্যাকাণ্ডের পরিকল্পনা হতো, সেখানে উপস্থিত থাকতেন এই দুই আসামি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় বসা ‘কোর কমিটি’র সভায় উপস্থিত থাকতেন তাঁরা। এই দুজন গণভবনে যাতায়াত করতেন। সেখান থেকে নির্দেশনা নিয়ে আসতেন। নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তাঁরা তদারকি করতেন। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব হত্যাকাণ্ড চালিয়েছে, তা প্রতিরোধে তাঁরা ব্যবস্থা গ্রহণ করেননি।