
রাজধানীতে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা ও শান্তিনগর এলাকায় আহত হন এসব সাংবাদিক।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, ইত্তেফাক–এর তানভীর আহাম্মেদ ও শেখ নাছের; কালবেলা–এর রাফসান জানি, জনি রায়হান, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম ও তৌহিদুল ইসলাম; বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক, সাজ্জাদ হোসেন, জোবায়ের আহমেদ; ইনকিলাব–এর এফ এ মাসুম, একুশে টিভির তৌহিদুর রহমান ও আরিফুর রহমান, দেশ রূপান্তর–এর আরিফুর রহমান, ভোরের কাগজ–এর মাসুদ পারভেজ আনিস, সময় টিভির মারুফ ও ঢাকা টাইমস–এর প্রতিবেদক সিরাজুল সালেকীন প্রমুখ। তাঁদের মধ্যে রাফসান জানি ও সিরাজুল সালেকীন গুরুতর আহত বলে জানা গেছে।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন–ডিইউজের একাংশ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি।