চট্টগ্রামে মাদক আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আলমগীর হোসেন। গতকাল শুক্রবার রাতে নগরের চকবাজার মেহেদীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় মেহেদী হাসান নামের তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
আইসসহ গ্রেপ্তার আলমগীর নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নগরের মেহেদীবাগ এলাকায় র্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাঁকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা হয়েছে।
জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
এর আগে গত মাসের ৬ ডিসেম্বর নগরের বাকলিয়া কল্পলোক এলাকায় ডাকাতি করতে গিয়ে চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফারুক মিয়া ছয় সহযোগীসহ গ্রেপ্তার হন।