বাংলাদেশ ইউনিভার্সিটি ও ইউসিবির মধ্যে চুক্তি সই

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি সই হয়েছে
ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বুধবার ঢাকার আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি সই হয়।

অনুষ্ঠানে ইউসিবির পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ট্রানজেকশন (ব্যাংকিং ডিভিশন) মো. সেকেন্দার-ই-আজম এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ সাজেদুল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক (অব.) এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল এম রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা আকতার, ভাইস প্রেসিডেন্ট (ট্রানজেকশন ব্যাংকিং) রিয়াদ হাশিম, রিলেশনশিপ ম্যানেজার (ট্রানজেকশন ব্যাংকিং) মুহাম্মদ আবদুন নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব আইডিতে প্রবেশ করে সেমিস্টার ফির পেমেন্ট স্লিপ প্রিন্ট করে ইউসিবির যেকোনো শাখা ও উপশাখায় টিউশন ফির টাকা জমা করতে পারবেন। জমাকৃত টিউশন ফির তথ্য সঙ্গে সঙ্গে তাঁদের আইডিতে আপডেট হয়ে যাবে। এ ছাড়া চুক্তির আওতায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের টিউশন ফির টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।