আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে।

এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটির আজ বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। এ বিষয়ে আজ বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।

গত ২৭ মে সকালে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট–ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি এরই মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।