
বান্দরবানের লামায় ভূমি রক্ষা কমিটির নেতা মথি ত্রিপুরার মুক্তির দাবিতে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি করেছে পাহাড়ি তিন সংগঠন। এ সময় লামা রাবার ইন্ডাস্ট্রিজের মামলা ‘মিথ্যা’ উল্লেখ করে ম্রো ও ত্রিপুরাদের নামে করা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিকেলে ডিসি হিলের সামনে থেকে মিছিল বের করা হয়। এরপর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
গণতান্ত্রিক যুব ফোরাম নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নগর সাধারণ সম্পাদক অমিত চাকমা। সভা সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের নগর শাখার সদস্য পবিন চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক বারবার গ্রামবাসীর ওপর আক্রমণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, বৌদ্ধ বিহার ভাঙচুর করা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। রেংয়েনপাড়ার আটটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর লুটপাট করা হয়। এরপর চিহ্নিত অপরাধীদের নামে মামলা করলেও প্রশাসন চুপ রয়েছে।
বক্তারা আরও বলেন, বান্দরবান জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ম্রোবাসীদের পক্ষে ন্যায্যতার সুপারিশ করেছিল। কিন্তু অজানা কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।
উল্লেখ্য, ১ মার্চ লামা রাবার ইন্ডাস্ট্রিজ কোম্পানির করা মামলায় মথি ত্রিপুরাকে লামার ক্যায়াজুপাড়া বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে।