
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গত ৫ মার্চ ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানী আবদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
পরে মাহফুজ বিন ইউসুফ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ বৈধ হিসেবে বহাল থাকল।
হাইকোর্টের আদেশের অনুলিপি পাওয়া সাপেক্ষে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।
এর আগে আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৫ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপন জারি করে। একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানানো হয়। অপর প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন ওই রিটটি করেন।
রিটের প্রার্থনায় দেখা যায়, আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ এবং মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের ২৫ ফেব্রুয়ারির পৃথক প্রজ্ঞাপন কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে বিচারাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারির পৃথক প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয় রিটে। অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর ও গভর্নর মোস্তাকুর রহমানকে রিটে বিবাদী করা হয়।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়। ২০২৮ সালের আগস্টে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়। তাঁর স্থলে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মোস্তাকুর রহমানকে।