অধিকার আদায়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে: সন্তু লারমা

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আদিবাসী যুব সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে সম্মান জানান। ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: অগ্নিলা আহমেদ

পার্বত্য চুক্তি হওয়ার ২৫ বছর অতিক্রম করেছে, কিন্তু সেই চুক্তি পুরো বাস্তবায়িত হয়নি। নিজেদের অধিকার আদায় করতে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসতে হবে।

শুক্রবার বিকেলে আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আদিবাসী যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুবসমাজের প্রতি এই আহ্বান জানান। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আদিবাসী যুব ফোরাম তাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই যুব সম্মেলনের আয়োজন করে।

সন্তু লারমা বলেন, মুক্তিযুদ্ধের ৫২ বছর পরও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংবিধানিক স্বীকৃতি পায়নি। এ জাতিগোষ্ঠীর জনজীবনকে জুলুম, নির্যাতন, শোষণ থেকে রক্ষা করতে হলে যুবকদের লক্ষ্য আদর্শ ও উদ্দেশ্যের প্রতি অবিচল থেকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী আজ তাদের জমিজমা থেকে উচ্ছেদ হচ্ছে। তাদের ভাষা, জাতিগত পরিচয় হারিয়ে ফেলছে। শিক্ষিত যুবকেরা কাজ পাচ্ছেন না। অথচ দেশের স্বাধীনতার জন্য তাঁরাও সংগ্রাম করেছেন। কিন্তু আজ তাঁদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। আন্দোলন ছাড়া অধিকার আদায়ের পথ নেই।  

সব মতপার্থক্য ভুলে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সন্তু লারমা। তিনি বলেন, শুধু সভা-সমাবেশের মধ্যে কার্যক্রম সীমিত রাখলে হবে না। সাধারণ মানুষের কাছে যেতে হবে। তাঁদের দুঃখ-দুর্দশার কথা জানতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর যুবসংগঠনগুলোর সঙ্গে মিলে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করতে হবে।

জাতীয় সংগীত পরিবেশন ও মাদলের বাদন দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতার সূচনা হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আদিবাসীরাই প্রথম স্বাধীনতাসংগ্রামের সূচনা করেছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে অর্জিত স্বাধীন দেশের জনগণের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। ঐক্য ও সাম্যের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু তারা বঞ্চিত ও নির্যাতিত হচ্ছে। তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে।’

‘হে তরুণ প্রাণ, তীর ধনুকে দাও শাণ/মুক্তির মিছিলে তুলি দ্রোহের স্লোগান’ স্লোগান নিয়ে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণদের সমাগমে ছুটির দিনের বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। জাদুঘরের প্রবেশপথ থেকে নিচতলায় বিভিন্ন স্থানে তাঁদের দাবি-সংবলিত সুদৃশ্য ডিজিটাল বোর্ডে সুসজ্জিত করা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই।

আলোচনায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা বলেন, যে দেশের মানুষ তাঁদের মাতৃভাষার জন্য সংগ্রাম করে জীবন উৎসর্গ করেছেন, সেই দেশের কিছু মানুষকে তাঁদের পরিচয় বঞ্চিত করা হচ্ছে, তাঁদের বলা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাঁরা মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারবেন না। এটা কেবল দুঃখজনকই নয়, অত্যন্ত লজ্জাকরও।

আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ পরিবেশনা। ঢাকা, ২২ সেপ্টেম্বর

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্র আদিবাসীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে আদিবাসীদের বিভিন্ন নামে সংবিধানে আখ্যায়িত করেছে, যা আদিবাসীরা প্রত্যাখ্যান করেছিলেন।’ তিনি বলেন, এখন যে অবস্থা চলছে, তা অব্যাহত থাকলে কোনো দিনও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে না। পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হলে আন্দোলন-সংগ্রাম ছাড়া আর বিকল্প নেই।

আলোচনায় আরও অংশ নেন লেখক ও সাংবাদিক নজরুল কবির, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, আদিবাসী ফোরামের নারীবিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক হরেন্দ্র সিং, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ। স্বাগত বক্তব্য দেন যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আন্তনী রেমা। আলোচনা পর্বের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।