‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আজ মঙ্গলবার এ আবেদন করে দুদক। পরে আদালত তাঁর রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন।
১৫ জানুয়ারি মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ভাটারা থানায় করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মতিউরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁর স্ত্রীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সর্বশেষ ৬ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর মতিউর ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল (ছড়িয়ে পড়া) হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর থেকে তাঁর বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগল-কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।