
‘সৌদি গেমস–২০২২’–এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সৌদি আরবে গেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরব সফরে সেনাপ্রধান শুক্রবার দেশটির রাজধানী শহর রিয়াদে আয়োজিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা দেখবেন।
এরও আগে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন তিনি। এ সময় সেনাপ্রধান সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সৌদি আরব সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।