শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

অনুষ্ঠানে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা
 ছবি: সংগৃহীত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফল ও সামার সেমিস্টার-২০২২–এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে সনদসর্বস্ব শিক্ষিতের বোঝা বড় হচ্ছে।

মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষার জন্য চাই বেশি করে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা। এ জন্য একাডেমিক বইয়ের বাইরে অন্যান্য বই পড়া, নাচ, গান ও বিতর্কে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি অনুষ্ঠান আয়োজন, সাহিত্য চর্চা ও খেলাধুলায় যতটা সম্ভব নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করা। এসবের মধ্যেই একদিন নিজের মধ্যে নেতৃত্ব গুণ তথা আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাবে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আহসানুল কবীর।

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শামসুন নাহার। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক লিলি ইসলাম। 

মনোমুগ্ধকর নাচ–গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও বিভিন্ন বিভাগের শিল্পীরা।