‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে পরিবেশনা চলছে। আজ বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে
‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে পরিবেশনা চলছে। আজ বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে

বৃষ্টির মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট শুরু

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’শীর্ষক কনসার্ট শুরু হয়েছে। কনসার্টে গান শুনতে উপস্থিত হয়েছেন তরুণসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়ছে।

জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন (৫ আগস্ট) উদ্‌যাপনের লক্ষ্যে আজ বুধবার এই কনসার্টের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স। বিকেল ৪টা ২০ মিনিটে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। এর আগে বেলা ৩টা ৫৫ মিনিটে জাতীয় সংগীত বাজানো হয়।

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের দর্শক সারিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে

কনসার্টের মঞ্চের সামনের অংশে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে। কিছুটা পেছনে ব্যারিকেডের উল্টো পাশে জড়ো হয়েছেন অনেক তরুণ। কেউ ছাতা মাথায়, কেউ বৃষ্টিতে ভিজেই উপভোগ করছেন কনসার্ট। ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে সেখানে।

এই কনসার্টে গানের দল শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফার পাশাপাশি পারসা, সেজান, কুঁড়েঘর ও আসিফ আকবরের গান পরিবেশনের কথা রয়েছে।

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে দর্শকদের উন্মাদনা। আজ বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে

কনসার্টের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বিশেষ অতিথি সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।