
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু তাদের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখা চ্যালেঞ্জিং। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের বাংলাদেশ সফর করেছেন। এর মধ্যে গত সোমবার দিবাগত রাতে ঢাকায় যাত্রাবিরতি করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। দুই দেশই বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। দুই দেশের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ এখানে আছে। কেউ এগুলো হাতছাড়া করতে চান না।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘এটা আমাদের জন্য সুখবর যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং ঢাকায় যাত্রাবিরতি করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এখন ঢাকায় আছেন। আমরাও সবার সঙ্গে যুক্ততা চাই। এই মুহূর্তে মার্কিন সরকারের একজন প্রতিনিধি ঢাকায় আছেন। এ মাসে আরও কয়েকজনের আসার কথা রয়েছে। তাঁদের সঙ্গেও আমাদের সম্পর্ক বেশ ভালো। আমরা সেই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেভাবে চলছে ও এর উন্নয়ন অভাবনীয়। চীন দেশটির সহযোগী হিসেবে কাজ করতে চায়। চীনের মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের কারণে জোগান ব্যাহত হচ্ছে। আর্থিক লেনদেনে সমস্যা হচ্ছে এবং নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের সময়ে ছিন গ্যাং এসেছিলেন। এ কে আব্দুল মোমেন বলেন, গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিন গ্যাংয়ের প্রথম বিদেশ সফর। দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে তিনি ঢাকা সফর করেছেন, এটি বাংলাদেশের জন্য ভালো খবর জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি আমাদের প্রথম সাক্ষাৎ। আমাদের বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা। এ বিষয়ে চীনারা আমাদের সাহায্য করেছে। সেই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি (চীনের পররাষ্ট্রমন্ত্রী) অঙ্গীকার করেছেন।’ চায়না পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারে কিছু অসুবিধা আছে। সেজন্য এটি দীর্ঘায়িত হচ্ছে।
এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশকে ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিল চীন। কিন্তু এখনও এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন না হওয়ার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা এর সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে আলোচনার পর চীনের মন্ত্রী জানিয়েছেন, এটি তিনি করবেন।