দুষ্প্রাপ্য সংগ্রহ

মুদ্রাটি আলেকজান্ডারের

নিজের সংগ্রহশালায় মুদ্রা দেখছেন নূরুল ইসলাম। ২৫ জুলাই রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে
ছবি: অগ্নিলা আহমেদ

বাঙালি প্রবাদে কথা বলতে ভালোবাসে। ক্রেতা ‘বাকি চাহিয়া লজ্জা’ দিলে নগদের কারবারিরা বলেন, ‘ফেলো কড়ি, মাখো তেল’। এই প্রবাদে আছে বাংলার প্রাচীনকালের অর্থব্যবস্থার ইঙ্গিত। কেনাবেচার জন্য এ অঞ্চলে কড়ি সত্যি সত্যিই চলত টাকার মতো বিনিময়ের মাধ্যম হিসেবে। বৃহত্তর ভারতবর্ষে অবশ্য মুদ্রা ব্যবহারের ইতিহাস শত শত বছরের। এগুলোর মধ্যে প্রাচীনকালে চলমান সবচেয়ে পুরোনো মুদ্রাগুলোর একটি আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের। অর্থাৎ কিনা ২ হাজার ৩০০ বছর আগের।

বিশ্ব জয় করতে করতে ভারত অবধি এসে পৌঁছেছিলেন দিগ্বিজয়ী আলেকজান্ডার। ভারতের উপকণ্ঠে বেশ কিছুদিন চলেছিল গ্রিক শাসন। সেই শাসনকালের স্মৃতি হিসেবে তেমন একটি মুদ্রা চলে এসেছে বাংলাদেশের এক সংগ্রাহকের কাছে।

মুদ্রাটি রুপার এবং চকচকে। বোঝা যায়, মুদ্রাটি একসময় পুরোপুরি গোল ছিল। কালের দংশনে প্রান্ত এখন কিছুটা অমসৃণ। ইতিহাসের নানা পথে বহু হাত ঘুরে এসে পাঁচ দশকের বেশি সময় ধরে এখন সেটা আছে নূরুল ইসলামের সংগ্রহে। নূরুল ইসলাম সাবেক প্রকৌশলী। পাকিস্তান আমলে বেশ কিছু স্থাপত্য তৈরির দায়িত্ব পালন করেছেন তিনি। শৈশব কেটেছে কলকাতায়।

আলেকজান্ডারের মুদ্রাটি ১৯৭০ সালে নিলামে সংগ্রহ করা হয়।

মুদ্রাটির এক পাশে আলেকজান্ডারের মুখচ্ছবি। তাঁর মাথায় শোভা পাচ্ছে সিংহের কেশরের শিরস্ত্রাণ। আরেক পাশে গ্রিক লিপিতে কিছু লেখা। প্রায় আড়াই হাজার বছর আগের এ মুদ্রার পরিচয় মেসিডোনিয়ান কয়েন হিসেবে। কারণ, আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার সন্তান। নিজের শাসনামলে এ মুদ্রা তৈরি করিয়েছিলেন বটে আলেকজান্ডার। তবে আলেকজান্ডারের যেসব প্রশাসক তাঁর তরফে বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়েছিলেন, তাঁরাও সম্রাটের প্রতিকৃতি দিয়ে মুদ্রা বানিয়েছিলেন। কখনো কখনো নিজেদের মুখচ্ছবি দিয়েও মুদ্রা বানিয়েছেন তাঁরা।

নূরুল ইসলাম মনে করেন, মুদ্রাটি আলেকজান্ডারেরই তৈরি। কারণ, এতে কেবল তাঁর ছবিই আছে। মুদ্রা সংগ্রহ নূরুল ইসলামের নেশা। ভারতবর্ষের প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত নানা শাসনামলের মুদ্রা আছে তাঁর সংগ্রহে। তবে সে সংগ্রহের মধ্যে আলেকজান্ডার দ্য গ্রেটের মুদ্রাটিই তাঁর কাছে বিশেষ। মুদ্রাটি নিয়ে তাঁর উচ্ছ্বাস দেখার মতো।

প্রথম আলোকে নূরুল ইসলাম জানিয়েছেন, ১৯৭০ সালে মুম্বাইয়ের ‘অসওয়াল অকশন হাউস’ থেকে তিনি মুদ্রাটি নিলামে কিনেছিলেন। বাংলার আরেকটি প্রবাদ, ‘কী বিচিত্র, সেলুকাস!’ আলেকজান্ডারের সঙ্গে সেই সেলুকাসের তিনটি মুদ্রাও তিনি সংগ্রহ করেছিলেন। নূরুল ইসলাম বলেন, ‘জানেন তো, সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সঙ্গী। দুজন একসঙ্গেই এসেছিলেন এ ভূখণ্ডে। সেলুকাসকে বলা আলেকজান্ডারের সেই কথাই আমাদের মুখে মুখে প্রবাদ হয়ে উঠেছে। এ মুদ্রার লিপ্ত হয়ে আছে হাজার বছরের ইতিহাস।’

নূরুল ইসলামের প্রদর্শনী বাক্সে আলেকজান্ডার আর সেলুকাসের মুদ্রা পাশাপাশি রাখা। সেলুকাসের মুদ্রাগুলোও রুপার। মুদ্রার এক পাশে খোদাই করা এক যোদ্ধার মুখাবয়ব, অন্য পাশে ইগল হাতে বসে থাকা এক মানুষ।

আলেকজান্ডারের এই মুদ্রার একটি ছবি আছে নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ‘আলেকজান্ডার ফিচারিং ব্যাসিলাস’ শিরোনামের মুদ্রাবিষয়ক এক পাতায়। সে তথ্য বলছে, আলেকজান্ডার ৩৩৩ খ্রিষ্টপূর্বাব্দে টারসাসের টাঁকশাল থেকে এ মুদ্রা চালু করেছিলেন। মুদ্রার নামই ছিল আলেকজান্ডার। আথেনা, হেরাক্লেস, ব্যাসিলাস আর সাকসেসর—এ চার ধারার মুদ্রার প্রচলন হয়েছিল সে সময়ে। নূরুল ইসলামের মুদ্রাটি ব্যাসিলাস ধরনের।

নূরুল ইসলাম থাকেন রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে। তাঁর বাড়ির তৃতীয় তলার পুরোটাই সংগ্রহশালা। আড়াই হাজার বর্গফুটের সেই জায়গায় তাঁর সংগৃহীত মুদ্রা আর ডাকটিকিটের প্রদর্শনী। তাঁর কাছে আছে বিশ্বের প্রথম ডাকটিকিট ‘পেনি ব্ল্যাক’ এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রকাশ করা প্রথম তিনটি ডাকটিকিটের সেট।

নবতিপূর্ণ নূরুল ইসলামের সংগ্রহে আছে পাঁচ হাজারের বেশি দুষ্প্রাপ্য মুদ্রা। তিনি মুদ্রা শুধু সংগ্রহই করেন না, সংগ্রহের পর শুরু হয় তা নিয়ে গবেষণা। বাংলাদেশ ইতিহাস পরিষদ, ভারতীয় ইতিহাস কংগ্রেস, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদসহ বেশ কিছু প্রতিষ্ঠানের তিনি জীবন সদস্য। বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রকাশিত মুদ্রাবিষয়ক গবেষণাগ্রন্থে আছে তাঁর দেওয়া নানা তথ্য।

নূরুল ইসলাম বলেন, ‘আমার সংগ্রহের এই মুদ্রা ভারতেও বিনিময়ের জন্য ব্যবহৃত হয়েছে। মুদ্রাটি ভারত-গ্রিকের মধ্যে আড়াই হাজার বছরের পুরোনো একটি বাণিজ্যসূত্র। ছোট্ট একটি মুদ্রা কীভাবে একটি ইতিহাস ধরে রেখেছে!’