হামের প্রাদুর্ভাবে হাসপাতালে আসছে রোগীরা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল। মহাখালী, ঢাকা; ২১ জুলাই ২০২৬
হামের প্রাদুর্ভাবে হাসপাতালে আসছে রোগীরা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল। মহাখালী, ঢাকা; ২১ জুলাই ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৭৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় হামে দুজন আর হামের উপসর্গ নিয়ে দুজন মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৩ হাজার ২০০ জন।