
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এখন মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। ১৫ ফেব্রুয়ারি জানা যাবে, এই মামলার রায় কবে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। এই মামলার আসামি মোট পাঁচজন। এর মধ্যে চারজন আসামি পলাতক। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
এই মামলার আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁর আইনজীবী সারোয়ার জাহান ও এরশাদুল হক।
আইনজীবী এরশাদুল হক প্রথম আলোকে বলেন, যুক্তিতর্কের মাধ্যমে তাঁরা দেখিয়েছেন, চঞ্চল চন্দ্র নির্দোষ। চঞ্চলের মুক্তি প্রার্থনা করেছেন তাঁরা। ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জানাবেন, এই মামলার রায় কবে ঘোষণা করা হবে।