চিকিৎসকদের গবেষণা

৫৮% চিকিৎসক গবেষণা করেন পদোন্নতি পেতে

চিকিৎসকদের গবেষণায় বাধা ২৪ ধরনের। আগ্রহ না থাকলে গবেষণায় যুক্ত করা ঠিক না।

চিকিৎসক
প্রতীকী ছবি

চিকিৎসকদের গবেষণায় যুক্ত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কাজের চাপ। এ বিষয়ে একটি গবেষণায় দেখা গেছে, ৫৮ শতাংশ চিকিৎসক গবেষণা করছেন কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ সৃষ্টির পাশাপাশি সহযোগিতা বাড়লে দেশে স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে গবেষণা বাড়বে।

গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে ওই গবেষণা ফলাফল উপস্থাপনের পর বিশেষজ্ঞরা এসব মন্তব্য করেন। বিএসএমএমইউয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনস্বাস্থ্যবিদ, গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসকেরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ দিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউয়ের ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, আগ্রহ না থাকলে কোনো চিকিৎসককে গবেষণায় যুক্ত করা ঠিক না। কিন্তু কেউ গবেষণা করতে চাইলে তাঁকে পূর্ণ সুযোগ দিতে হবে। কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক হবে না।

নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক অধ্যাপক আহমেদ মোস্তাক রাজা চৌধুরী বলেন, দেশে প্রায়োগিক গবেষণা বাড়ানো দরকার। খাওয়ার স্যালাইন বা পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল হওয়া ও ব্যাপকতা পাওয়ার পেছনে প্রায়োগিক গবেষণা বড় ভূমিকা রেখেছিল। সেই সুযোগ এখনো আছে।

গবেষণায় কী দেখা গেছে

চিকিৎসকেরা ব্যক্তিগতভাবে কে কীভাবে গবেষণা–সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত, গবেষণা বিষয়ে চিকিৎসকদের চিন্তাভাবনা কী, তা জানার চেষ্টা করেছেন বিএসএমএমইউয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের গবেষকেরা।

তাঁরা বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল এবং বারডেম হাসপাতালের ৫০০ চিকিৎসককে নিয়ে গবেষণা করেছেন।
গবেষণা ফলাফল উপস্থাপন করেন বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান ও প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মো. আতিকুল হক। তিনি বলেন, ৩৮ শতাংশ চিকিৎসক গবেষণাপত্রের পাণ্ডুলিপি তৈরি করতে জানেন, ২৩ শতাংশ চিকিৎসক গবেষণা ফলাফল ব্যাখ্যা করতে পারেন এবং ১৩ শতাংশ চিকিৎসক আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ জমা দেন।

চিকিৎসকেরা কেন গবেষণা করছেন বা কেন করছেন না, তা জানার চেষ্টা করেন গবেষকেরা। এতে দেখা গেছে, ৩ শতাংশ চিকিৎসকের গবেষণায় কোনো আগ্রহ নেই। ১৬ শতাংশ চিকিৎসক কাজটি করেন বিদেশে পেশা চর্চার সুবিধার জন্য। অন্যদিকে বিদেশে উচ্চতর বিদ্যাচর্চার জন্য গবেষণা করেন ৩৫ শতাংশ চিকিৎসক। স্বীকৃতি পাওয়া বা প্রশংসা পাওয়ার জন্য গবেষণা করেন ৪১ শতাংশ চিকিৎসক। উত্তরদাতাদের ৪৭ শতাংশ বলেছেন, তাঁরা গবেষক হতে চান। অন্যদিকে ৫৮ শতাংশ চিকিৎকের গবেষণা করার উদ্দেশ্য কর্মক্ষেত্রে পদোন্নতি।

চিকিৎসকেরা বলেছেন, তাঁদের গবেষণাকাজে যুক্ত হওয়ার পথে ২৪ ধরনের বাধা বা সমস্যা আছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে কাজের অত্যধিক চাপ। ৭৩ শতাংশ চিকিৎসক অন্যান্য বাধার সঙ্গে নিজের পেশাগত চাপের কথা বলেছেন। ৭০ শতাংশ চিকিৎসক বলেছেন, তাঁদের গবেষণা সম্পর্কে জানাবোঝা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। ৬৮ শতাংশ বলেছেন, গবেষণা অনুদান না পাওয়া একটি বড় কারণ।

গবেষণা ফলাফল উপস্থাপনের পর বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাস্থ্য খাতে গবেষণা নিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। বিএসএমএমইউতে গবেষণা কর্মকাণ্ডের ব্যাপ্তি ঘটছে উল্লেখ করে তিনি বলেন, গবেষণা খাতে বিএসএমএমইউর বার্ষিক বরাদ্দ ৪ কোটি থেকে বাড়িয়ে ৩২ কোটি করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২৭ কোটি টাকা পেয়েছেন।

দরকার সহযোগিতা, অর্থ

তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে চিকিৎসকদের গবেষণার সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, তাঁর সময়কালে একটি গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছিল। পরবর্তী উপাচার্য দায়িত্ব নেওয়ার পর সেই গবেষণা কেন্দ্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে জনস্বাস্থ্যবিদ অধ্যাপক লিয়াকত আলী বলেন, কোনো গবেষণাকাজকে দৃশ্যমান করা বড় ধরনের চ্যালেঞ্জ। গবেষণায় যদি আনন্দ না থাকে, তা হলে কেউ গবেষণায় যুক্ত হতে চায় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গবেষণা খাতে যে অনুদান দেয়, তাতে চিকিৎসকদের অবস্থান প্রাপ্তিক পর্যায়ে।

করণীয় বা সুপারিশ

গবেষণা বৃদ্ধি, গবেষকের সংখ্যা বৃদ্ধি, গবেষণার মান কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে অনেকেই মতামত দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক (গবেষণা ও প্রকাশনা) মোস্তফা জামান বলেন, গবেষণাপদ্ধতি, তথ্য–উপাত্ত বিশ্লেষণ ও পাণ্ডুলিপি লেখার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কীভাবে অনুদান পাওয়ার জন্য গবেষণা প্রস্তাব লিখতে হয়, সে বিষয়েও প্রশিক্ষণ প্রয়োজন। তবে বিশ্ববিদ্যালয়সহ সব ক্ষেত্রে গবেষণা সহায়ক পরিবেশ তৈরি করা দরকার।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ গবেষক এবং শিশু ও মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামস এল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণাকাজে সমৃদ্ধ হতে হলে কাঠামোগত ও প্রক্রিয়াগত পরিবর্তন আনতে হবে। বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাঈদুর রহমান বলেন, পশ্চিমা দুনিয়া এই অঞ্চলের গবেষণাকে সম্মানের চোখে দেখে না, নানা শর্ত আরোপ করে তারা এই অঞ্চলের গবেষণাকে নাকচ করতে চায়। তিনি বলেন, চিকিৎসা গবেষণায় এই অঞ্চলের জ্ঞান–বুদ্ধিকে প্রাধান্য দিতে হবে। অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লায়লা আনজুমান বানু বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে গবেষণার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার জন্য চেষ্টা চালানো দরকার।