
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সোয়া নয়টার দিকে ক্যাম্পাসের স্মৃতি চিরন্তন চত্বরে (ভিসি চত্বর) পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
গত বুধবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটেছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আজকের ঘটনা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণটি ফাঁকা জায়গায় হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছি।
ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল করছেন। মিছিলে ‘হইহই রইরই, ছাত্রদল গেলি কই বলে স্লোগান দেওয়া হয়। পুলিশের বেশ কিছু সদস্যেরও উপস্থিতি দেখা যায় সে এলাকায়। সেখানকার সড়কে বিস্ফোরণের দাগ ছিল।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, যে দলটি অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির সঙ্গে জড়িত, সেই গোষ্ঠীই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ধরনের চোরাগোপ্তা হামলা করে আতঙ্ক সৃষ্টি করে ও মানুষের ক্ষতি করে কোনো রাজনৈতিক সুবিধা অতীতেও আদায় করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।