নারীর অধিকার

গণতন্ত্রের সঙ্গে আমাদের ‘সমতন্ত্র’ চাই

রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নেই। সম্পদে সমান অধিকার নেই। নারী নীতি হলো না।

এই কর্মজীবী নারীদের মতো নিজেদের অধিকার আদায়ে নারীরা এখন সোচ্চার
ফাইল ছবি

নির্বাচনী মৌসুম যত এগিয়ে আসছে, গণতন্ত্র নিয়ে রাজনীতিবিদদের চিন্তাও তত বাড়ছে। এক পক্ষ বলছে, তারা গণতন্ত্র ফিরিয়ে আনব। আরেক পক্ষ বলছে, তারা গণতন্ত্র রক্ষা করেই ছাড়বে। কিন্তু এই গণতন্ত্রে আমার ভাগ কই? রাজনৈতিক দলগুলোর একেকটা জনসভা হয়, মঞ্চে নারী নেতা-কর্মীদের প্রায় দেখতেই পাই না। পাওয়ার কারণও নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ২০০৮ সালে যোগ করা বিধান অনুযায়ী, ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তবে এ পর্যন্ত কোনো উদ্যোগই দেখায়নি কোনো দল। প্রায় সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ থাকলেও এই এক বিষয়ে সবার যেন এক অলিখিত ঐক্য আছে।

যেসব দলের জনসভার মঞ্চে আমার প্রতিনিধিত্ব একেবারেই নগণ্য, যে দলের ঘরে অথবা বাইরে কোনো সভা-সমিতিতে আমার প্রতিনিধিত্ব নেই বললেই চলে, সেসব দল আমাকে কী গণতন্ত্র দেবে? জনসভায়, জনতার যে সমুদ্রে আমি গিয়ে নিরাপদে দাঁড়াতে পারি না, আমি যে যাই না বা যেতে পারি না, তা নিয়েও কারও মাথাব্যথা দেখি না। সেখানে গণতন্ত্র নিয়ে তারা কী করল না করল, তাতে আমারই–বা কী আসে–যায়!

আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, স্পিকার নারী—দয়া করে আমাকে এসব মুখস্থ সান্ত্বনা দিতে আসবেন না! সর্বশেষ জনশুমারির প্রাথমিক হিসাবে বলছে, দেশে ৫০ শতাংশের কিছু বেশি নারী। তাহলে মঞ্চে, সভায়, সিদ্ধান্তে নারীর সংখ্যা মাত্র গুটিকয় কেন? ভোটার তালিকাও বলে, দেশে ভোটারদের অর্ধেক নারী। রাজনৈতিক দলগুলোর কাছে আমার প্রশ্ন—এই ৫০ শতাংশ মানুষের জন্য কী প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি? দেশ কি নিরাপদ হবে?

আমি কি নিরাপদ থাকব? জনসভায়, মিছিলে, স্কুলে, অফিসে আমি যাব। কিন্তু আমি যৌন হয়রানির শিকার হব না। আরও বড় প্রশ্ন হচ্ছে, আপনি আদৌ আমার বাড়ি থেকে বের হওয়ার পক্ষে আছেন কি না। নাকি আপনি সেই দলে যাঁরা মনে করেন, কাজে, বাজারে, শিক্ষায়, ব্যবসায় পুরুষের অধিকারই যথেষ্ট। কাজেই জনপরিসরে বের হলে নারী গালি খাবেন, চিমটি খাবেন—এটাই স্বাভাবিক। এসব এড়িয়ে চলতে তাঁর বাড়িতে থাকাই ভালো। এসব বিষয় পরিষ্কার করা আজকের বাংলাদেশে খুব জরুরি।

নারী নীতি হলো না

২০০৮ সালে আওয়ামী লীগের ‘দিনবদলের সনদ’ শীর্ষক নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল সম্পদে নারীদের সমান অধিকার রেখে নারী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। ২০১১ সালে তাদের সেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে প্রতিরোধের মুখে পড়ার পর আওয়ামী লীগ আর কখনো সে কথা উচ্চারণ করেনি। কিসের ভিত্তিতে, কী কারণে তারা মনে করত নারী নীতি দরকার ছিল আর কেনই–বা সেসব প্রতিশ্রুতি দিয়েছিল; তার কোনো ব্যাখ্যাও আর পাওয়া যায়নি। বরং জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ সিডওর অগ্রগতি প্রতিবেদনে সম্পদে সমান অধিকারের বিষয়টিতে সরকার বছর বছর লিখে আসছে—সমাজবাস্তবতা এখনো এই পরিবর্তনে প্রস্তুত নয়।

আমার জানতে চাওয়া আসলে এটাই, আপনার গণতন্ত্রে কি আপনি সমানাধিকারের প্রশ্নে দিনবদলের সম্ভাবনা দেখেন? জানতে চাই, আপনার গণতন্ত্রে আপনি নারী-পুরুষ সবার জন্য সমান সুযোগ দেখেন? নাকি মনে করেন, পুরুষের চেয়ে নারী কম পাবেন, সবল-সক্ষম নারীর চেয়েও কম পাবেন প্রতিবন্ধী নারী? নাকি রূপান্তরিত মানুষ হলে তাঁর জন্য বরং মরে যাওয়া কিংবা তাঁকে মেরে ফেলাই আপনার চোখে শ্রেয়? এসব বিষয় খোলাসা করতে হবে।

নাহলে আমি কেন আপনার সঙ্গে গলা মিলিয়ে আপনাকে সিংহাসনে রাখব বা সিংহাসনে বসাব? রাজপথে নেমে যারা নারী নীতি প্রতিরোধ করে দিল, তারা আপনার প্রতিপক্ষ নাকি মিত্র? এসব বিষয় আমার কাছে পরিষ্কার না করলে সত্যি বলতে, আমার তো গণতন্ত্র রক্ষার বা ফেরানোর জন্য কোনো তাগিদ অনুভূত হয় না।

ইতিবাচক দিক হচ্ছে, প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, নারীদের সম্পদে প্রাপ্য অধিকার দিতে হবে। তিনি বললেও বাস্তবতা ভিন্ন। যে মানুষটা আর কিছুতে ধর্ম মানেন না, তিনিও সম্পদ থেকে নারীকে বঞ্চিত করতে ধর্মের দোহাই দেন। প্রধানমন্ত্রী নিজেও কয়েক দিন আগে এই কঠিন সত্য উচ্চারণ করেছেন। বাবাহারা মেয়ে, স্বামীহারা স্ত্রীকে অন্তত বঞ্চিত না করার একটা বিহিত বের করার অনুরোধ করছেন বারবার।

কিন্তু তাঁর সরকারের মন্ত্রীদের কেউ এ বিষয়ে আলোচনা করেন বা তাঁদের বক্তৃতাতে এসব কথা কখনো উল্লেখ করেন—এমনটি আমি কোনো দিন দেখিনি। মানে প্রধানমন্ত্রীর এসব কথা আমি আওয়ামী লীগের ভেতর থেকেও প্রতিধ্বনিত হতে শুনি না। পত্রিকায় বা টেলিভিশনেও প্রধানমন্ত্রীর এসব মন্তব্য কখনো বিরাট করে শিরোনাম হয় না। তাহলে কি এমনটাই ধরে নেব, প্রধানমন্ত্রী আমার বা আমাদের মতোই নারী বলে কেবল এসব কথা বলছেন? রাজনৈতিক দল বা সংবাদমাধ্যম—কেউ-ই ‘দিনবদলের’ সাহস রাখে না?

সমান সম্পদের অধিকারের কথা নাহয় বাদই দিলাম। ইসলামি রীতি অনুসারে যতটুকু সম্পদ পাওয়ার কথা, নারীরা কি তা পাচ্ছেন? তাহলে ৫০ শতাংশ নারীর দেশে গ্রামীণ এলাকায় নারীদের মালিকানায় মাত্র ৪ শতাংশ জমি হয় কী করে? এগুলো কি সত্যিই ধর্মের বিধান বলে স্পর্শকাতর? নাকি বিষয়টি এমন যে আমরা মঞ্চেও নারীদের জায়গা দেব না, সম্পদেও নয়। আর তাতে করেই নারীকে ‘পেটে মারা, পিঠে মারা’—সবই চালিয়ে যাওয়া যাবে! আমার তো মনে হয়, এই এক বিষয়ে বাংলাদেশের ‘গণতন্ত্রে’ দারুণ ঐকমত্য অর্জিত হয়েছে।

কাজেরও স্বীকৃতি নেই

দেশের গ্রামীণ কৃষিকাজের প্রায় ৭২ শতাংশ, মানে সিংহভাগই করেন নারী। অথচ জমি নেই বলে নারী কৃষক কার্ড পান না। সরকারি সার, বীজ, কীটনাশক—কিছুই তাঁর নামে পান না। তাঁর শ্রম, ঘামে ফলানো ফসলেও পান না কোনো অধিকার। কৃষিকাজের অধিকাংশই এখন তাঁকে ঘরের কাজ হিসেবে বিনা মূল্যে বা নামমাত্র পারিশ্রমিকে করিয়ে নেওয়া হচ্ছে। কাজেই কৃষিকাজ করেও নারীর স্বীকৃতি নেই, আয়ও নেই। কাজেই ভবিষ্যতেও তাঁর জমিজিরাত, ঘরবাড়ি কিছু হওয়ার সম্ভাবনাও নেই।

প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের বাড়ি স্বামী-স্ত্রী দুজনের নামে নিবন্ধন করার নির্দেশনা দিয়েছেন। কয়েক দিন আগে তিনি এমনও বলেছেন, নতুন ঘর পেয়ে স্বামী নতুন বউ আনলে বাড়ির মালিকানা আগের স্ত্রীর কাছে চলে যাবে। এমন কথা বলে তিনি আমাদের মন জয় করেছেন সত্যি। কিন্তু এই নিয়ম শুধু আশ্রয়ণের বাড়িতে কেন? ২০২২ সালে এসেও সামাজিক সুরক্ষার একটা ক্যাটাগরি কেন ‘স্বামী পরিত্যক্তা’? এ থেকে আমাদের বের করে আনতে আপনাদের এবারের গণতন্ত্রের আন্দোলনে কী কী সুরক্ষা কিংবা সামাজিক বিপ্লব থাকছে?

৪ নভেম্বর সংবিধান দিবসেও আমরা গণমাধ্যমে দেখলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করেছে। তারা বলে আসছে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে গেছেন। সে ক্ষেত্রে হিন্দু নারীরা ঠিক কোন শ্রেণিতে পড়ছেন? দেশের আইনে যাঁদের বাবা কিংবা স্বামী—কারও সম্পদেই কোনো অধিকার নেই? জনশুমারির প্রাথমিক প্রতিবেদনের তথ্য বলছে, এবারও দেশে হিন্দু কমেছে, তার মানে তার সম্পদও কমেছে। অথচ হিন্দু সম্প্রদায়ের নেতাদের একটি অংশ একটি বিষয়ে এককাট্টা—মেয়েদের কোনোভাবেই সম্পদ দেওয়া চলবে না। মানে তাঁরা সংখ্যালঘু আর সংখ্যাগুরুর সমানাধিকার চান, রাষ্ট্রে তাঁদের সমান মর্যাদা চান। অথচ তাঁদের ন্যায্যতার ধারণা হলো এমন—নারীরা পুরুষের চেয়ে কম পাবেন অথবা পাবেন না।

রাজনীতিতে নারীর অংশগ্রহণ কোথায়

আসলে নারীর জমিতেও অধিকার নেই, সংসদেও নেই। বর্তমান একাদশ সংসদে ৩০০ আসনের মধ্যে মাত্র ২২ নারী সরাসরি নির্বাচিত হয়েছিলেন। তাঁদের মধ্যে সাহারা খাতুন আর সাজেদা চৌধুরীর মৃত্যুর পর দুজনের আসনেই পুরুষ প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তাঁরা নির্বাচিতও হয়েছেন। সমস্যা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতির সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ার সর্বোচ্চ স্তরে সক্রিয় এমন দুই নারী চলে যাওয়ার পর অদূর ভবিষ্যতে কোনো নারী তাঁদের স্থলাভিষিক্ত হবেন, এমন কাউকে দলটির পরবর্তী স্তরে দেখতে পাচ্ছি না।

সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। ২০৪৪ পর্যন্ত এ সংখ্যাই থাকবে, এমনটাই ঠিক হয়েছে। এর অর্থ, আরও ২২ বছর এটিই দস্তুর। নারীদের মূলধারার রাজনীতিতে নিয়ে আসাই ছিল সংরক্ষিত আসন বাড়ানোর লক্ষ্য। অথচ আমরা নারী আসন থেকে কাউকে সরাসরি নির্বাচনে উঠে আসতে অথবা দলের গুরুত্বপূর্ণ পদ পেতে দেখি না।

বরং অনেক সময়ই দেখি, রাজপথে তুমুল সোচ্চার ও জনপ্রিয়তার মধ্যগগনে থাকা অনেক নেত্রীকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ দেওয়া হয়েছে। সংসদের মেয়াদের ওই পাঁচ বছর শেষে তাঁরা এমনকি দল থেকেও এক রকম নিশ্চিহ্ন হয়েছেন। এ প্রসঙ্গে বিএনপির সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার কথা মনে পড়ছে। আরও মনে পড়ছে সংসদে, টক শোতে বিএনপির সবচেয়ে সোচ্চার নেতা রুমিন ফারহানার কথা। গত সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি তিনি।

আমি জানতে চাই, আমাদের বড় রাজনৈতিক দলগুলো এবার নারীদের কত শতাংশ মনোনয়ন দেবে? এ বিষয়ে দলগুলোর সিদ্ধান্ত কী? অর্থ, পেশিশক্তি, সামর্থ্যের হিসাবে নামলে তো নারীদের কখনোই যোগ্য মনে হবে না। তাহলে ভোটের রাজনীতিতে টাকা আর পেশিশক্তির প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কথা কি শুধু আমরা নারীরাই বলব? আপনিও বলেন।

কারণ, অর্থ কিংবা গায়ের জোর না থাকলে পুরুষ হলেও তো গ্রাম পর্যায়েও নেতা হওয়ার সুযোগ হবে না আপনার। রাজনীতিকে আর নির্বাচনকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ করার কথা বারবার আলোচনায় আসে। সেটা কি শুধুই আওয়ামী লীগ আর বিএনপির ধনবান পুরুষদের জন্য? নাকি আমরা সবাই চাই এমন ব্যবস্থা, যেখানে কৃষকপুত্র আর মন্ত্রিপুত্র সবাই একটি ভোট হিসেবে একই সম্মান আর সুযোগ পাবেন। কৃষককন্যাও সংসদে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন।

আপনি আমার প্রাপ্য সম্মানের জন্য লড়াই না করলে আমিই–বা কেন আর কিসের স্বার্থে আপনার জন্য লড়ব? নূর হোসেনরা বারবার মরলেও যে গণতন্ত্র মুক্তি পাবে না, তা আমরা জেনে গেছি, বুঝেও গেছি। এবার তাই সমতন্ত্র চাই। চাই সমতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। যেখানে নারী-পুরুষ, সবল-দুর্বল—সবার ভোটের দাম সমান, ভাতে আর জমিতে অধিকার সমান, সভায় আর সংসদে যাওয়ার অধিকারও সমান। নাহলে সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে আমরা ক্রমাগত কোণঠাসা আর অর্থহীন হয়ে যাব। গণতন্ত্রের এই লড়াই কী করে আমার হবে?

নবনীতা চৌধুরী পরিচালক, জেন্ডার কর্মসূচি, ব্র্যাক