সরকার সড়ক দুর্ঘটনার তথ্যব্যাংক তৈরি করতে পারে: সাইদুর রহমান

সড়ক দুর্ঘটনা এবং এতে হতাহত মানুষের সংখ্যা নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। দুর্ঘটনা নিয়ে কাজ করা সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংখ্যার তারতম্যই এ বিতর্কের উৎস। এসব বিষয় নিয়ে কথা বলেছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। তাঁর সঙ্গে কথা বলেছেন পার্থ শঙ্কর সাহা।

সাইদুর রহমান
সাইদুর রহমান
প্রশ্ন

সড়ক দুর্ঘটনা এবং এতে মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি বা পুলিশের হিসাবের সঙ্গে বেসরকারি সংগঠনের হিসাবে বড় পার্থক্য দেখা যায়। এ নিয়ে গত রোববার বিআরটিএ আয়োজিত এক কর্মশালায় ক্ষোভও জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবের এই তারতম্য কেন?

সাইদুর রহমান: সড়ক দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা নিয়ে পুলিশের হিসাবের সঙ্গে বেসরকারি সংগঠনগুলোর হিসাবের বিস্তর পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তবে এই পার্থক্য অন্য সংগঠনগুলোর সঙ্গে যত বেশি হচ্ছে, রোড সেফটি ফাউন্ডেশনের সঙ্গে তত বেশি হচ্ছে না।

এই পার্থক্যের কারণ হলো, বেসরকারি সংগঠনগুলো দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে গণমাধ্যম থেকে। এটি আসলে সেকেন্ডারি উৎস। পক্ষান্তরে, পুলিশ দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর মামলা করে এবং দুর্ঘটনাস্থলে নিহত বা তাৎক্ষণিক পরে হাসপাতালে মৃত্যুবরণকারীদের তথ্য নথিভুক্ত করে। কিন্তু যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর মারা যায়, তাদের হিসাবটি পুলিশ সম্ভবত নথিভুক্ত করে না। নিহত ব্যক্তির স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বাড়ি চলে যান। এ–সংক্রান্ত অনেক মৃত্যুর সংবাদ পত্রিকায় আসে। বেসরকারি সংগঠনগুলো এসব তথ্য সংগ্রহ করে। আমরাও করি। আমরা মনে করি, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ১৫ থেকে ২০ শতাংশ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই হিসাবে আমরা দুর্ঘটনাস্থলে নিহত মানুষের সংখ্যার সঙ্গে ১৫ শতাংশ যোগ করি। এই ১৫ শতাংশ যুক্ত করার কারণে পুলিশের হিসাবের চেয়ে আমাদের হিসাবে পার্থক্য তৈরি হয়।

এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহত না হলেও বহু মানুষ আহত হয়, যা পত্রিকায় আসে। নিহত না হওয়ার কারণে এসব দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশি মামলা হয় না। এ কারণে দুর্ঘটনা ও আহত মানুষের তথ্য পুলিশের নথিভুক্ত হয় না। যেমন ২০২১ সালে পুলিশের হিসাবে যে পরিমাণ দুর্ঘটনার উল্লেখ আছে, আহত মানুষের সংখ্যা তার চেয়ে কম। এটি আমাদের দেশের দুর্ঘটনার ধরন বা প্রকৃতির সঙ্গে যায় না।

প্রশ্ন

বেসরকারি সংগঠনগুলোর দুর্ঘটনাসংক্রান্ত তথ্য–উপাত্তের প্রধান ভিত্তি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন। আবার এসব সংগঠনের নিজেদের তথ্য-উপাত্তের মধ্যেও বড় পার্থক্য দেখা দেয়। এটা কেন হয়?

সাইদুর রহমান: বেসরকারি সংগঠনগুলো সড়ক দুর্ঘটনার তথ্য সংবাদমাধ্যম থেকে সংগ্রহ করে। এরপরও বিভিন্ন সংগঠনের পরিসংখ্যানে গরমিল হয়। কারণ, গণমাধ্যমে একই দুর্ঘটনার বিবরণ বিভিন্নভাবে আসে, যা সংগঠনগুলো একই তথ্য বারবার লিপিবদ্ধ করে। ফলে দুর্ঘটনা ও হতাহত মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে সংগঠনগুলোর তথ্য-উপাত্তের মধ্যে গরমিল হয়। কিছু সংগঠন আবার তথ্য সংগ্রহের পদ্ধতির দিকে মনোযোগী না হয়ে তথ্য প্রকাশে বেশি মনোযোগী হয়। যার ফলে তথ্য-উপাত্তে ব্যাপক গরমিল হয়। এটা একধরনের অনৈতিক কাজ। তবে আমরা গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করি। কোনোভাবে যেন একই তথ্যের পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখি। ফলে পুলিশের হিসাবের চেয়ে আমাদের হিসাব কিছুটা বেশি হয় বটে, তবে ব্যাপক পার্থক্য হয় না।

প্রশ্ন

বিআরটিএর পক্ষ থেকে বেসরকারি সংগঠনের দেওয়া উপাত্তের প্রমাণ চাওয়া হয়েছে। আপনি আপনার সংগঠনের দেওয়া তথ্যের বিষয়ে যথাযথ প্রমাণ দিতে পারবেন? আপনারা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ কীভাবে করেন?

সাইদুর রহমান: বিআরটিএর পক্ষ থেকে বেসরকারি সংগঠনের প্রকাশ করা তথ্য-উপাত্তের প্রমাণ চাওয়া হয়েছে। সে মোতাবেক আমার সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন অবশ্যই প্রমাণ হিসেবে তথ্য-উপাত্ত সরবরাহ করতে পারে এবং করতে চায়। কারণ, আমরা সংগৃহীত তথ্য নিয়মিত সংরক্ষণ করি। তবে বিআরটিএ তথ্য-উপাত্ত সরবরাহের যে পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছে, তা খুবই জটিল এবং ব্যয়বহুল। তারা সব পত্রিকার ফটোকপি চেয়েছে। আমরা তথ্য সংগ্রহ করি অনেকগুলো পত্রিকার ইলেকট্রনিক ভার্সন এবং ইলেকট্রিক গণমাধ্যম থেকে। অতএব এসব তথ্য-উপাত্তের উৎসের ফটোকপি সরবরাহ করা প্রায় অসম্ভব। তবে আমরা তারিখভিত্তিক যে হিসাব সংরক্ষণ করি, সেটা বিআরটিএ যাচাই করে দেখতে পারে। বিআরটিএর এই তথ্য-উপাত্ত চাওয়াকে আমরা একেবারে নেতিবাচক দৃষ্টিতে দেখছি না। কারণ, তথ্য প্রকাশকারী সংগঠনগুলোর ওপর সুষ্ঠু তথ্য প্রকাশের চাপ থাকা প্রয়োজন।

প্রশ্ন

এক দশকে দেশে যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। সেই নিরিখে বিআরটিএ বলেছে, এক দশকে দুর্ঘটনা এবং এতে হতাহত মানুষের সংখ্যা কমেছে। আপনার মন্তব্য কী?

সাইদুর রহমান: এক দশকে দেশে যানবাহন ব্যাপক বেড়েছে। যানবাহন বৃদ্ধির এই হারের তুলনায় দুর্ঘটনা বৃদ্ধির হার কমেছে। বিআরটিএর এই ভাষ্যে ব্যাখ্যাগত ত্রুটি রয়েছে বলে আমি মনে করি। কারণ, যানবাহনের বছরভিত্তিক যে হিসাব প্রকাশ করা হয়েছে, সেই পরিমাণ যানবাহন আদৌ সড়কে সচল রয়েছে কি না, সেটা দেখতে হবে। তবে এ কথা ঠিক, মোটরবাইক দুর্ঘটনা ছাড়া অন্যান্য যানবাহনের দুর্ঘটনা মোটামুটি একই অবস্থানে আছে, খুব বেশি বাড়েনি। এ ক্ষেত্রে অতিরিক্ত মোটরবাইক দুর্ঘটনার হিসাব যুক্ত হয়ে মোট দুর্ঘটনার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এ কথা আমরা বারবার বলছি।

তবে যানবাহনের সংখ্যা বৃদ্ধির হারের তুলনায় দুর্ঘটনা বৃদ্ধির হার কমছে—এই হার কমার মধ্যে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সড়কে মানুষ তো মরছে। এই মৃত্যু রোধের দিকে নজর দিতে হবে। দেশে সড়ক অবকাঠামো বেড়েছে, নানা প্রকার যানবাহন বেড়েছে। যানবাহনের গতি বেড়েছে। এই গতিনিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে, সড়ক পরিবহন আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে। এটাই এখন প্রধান কাজ হওয়া উচিত।

প্রশ্ন

সড়ক দুর্ঘটনা নিয়ে একটি অপেক্ষাকৃত যথাযথ এবং আদর্শ তথ্য সংগ্রহের পদ্ধতি কেমন হতে পারে? আপনার পরামর্শ কী?

সাইদুর রহমান: সড়ক দুর্ঘটনাসংক্রান্ত একটি আদর্শ ও নির্ভরযোগ্য তথ্যব্যাংক তৈরি করা যথেষ্ট ব্যয়বহুল ও জটিল বিষয়। শুধু গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে এটা করা সম্ভব নয়। কারণ এ জন্য নিজস্ব লোকবল থাকতে হয়। এ কাজ সরকারের করা উচিত। এ ক্ষেত্রে সরকার বেসরকারি সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে একটি আদর্শ ও নির্ভরযোগ্য তথ্যব্যাংক তৈরি করতে পারে এবং এটা করা জরুরি। কারণ, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে অবশ্যই দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান ও কারণগুলো জানা প্রয়োজন।

প্রশ্ন

আপনারা ২০১৯ সাল থেকে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন দিচ্ছেন। আপনাদের প্রতিবেদন নিয়ে সরকারের পক্ষ থেকে কখনো যোগাযোগ করা হয়েছে কি না?

সাইদুর রহমান: আমরা ২০১৯ সাল থেকে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করে আসছি। এত দিনে সরকারের পক্ষ থেকে আমাদের তথ্য চ্যালেঞ্জ করা হয়নি। এমনকি অফিশিয়ালি পর্যবেক্ষণ করার জন্যও চাওয়া হয়নি। তবে ২০২২ সালের তথ্য প্রকাশের পর প্রথমবারের মতো আমাদের তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই।

প্রশ্ন

বেসরকারি সংগঠনের সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশের এখতিয়ার সরকারের তরফে আপত্তি জানানো হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?

সাইদুর রহমান: বেসরকারি সংগঠনগুলোর প্রকাশ করা দুর্ঘটনার তথ্যের গরমিলের কারণে সরকার তথ্য প্রকাশের বিষয়ে আপত্তি জানিয়েছে। বিষয়টিকে আমি খুব বেশি নেতিবাচক দৃষ্টিতে দেখছি না। কারণ, এতে বেসরকারি সংগঠনগুলোর কাজে স্বচ্ছতা আসবে। আমি মনে করি, দুর্ঘটনার তথ্য গোপন করা যেমন অপরাধ, তেমনি দুর্ঘটনার তথ্য বৃদ্ধি করে প্রকাশ করাও অপরাধ। তবে সরকার বেসরকারি সংগঠনগুলোর দুর্ঘটনার তথ্য প্রকাশের অধিকারকে নিষিদ্ধ না করে বরং স্বচ্ছতার সঙ্গে তথ্য প্রকাশে উৎসাহিত ও সহযোগিতা করতে পারে। পাশাপাশি সরকার নিজে উদ্যোগী হয়ে সঠিক তথ্য প্রকাশের দায়িত্ব গ্রহণ করতে পারে। এটা জাতীয় স্বার্থেই জরুরি।