চট্টগ্রাম নগরের নাজিরপাড়া এলাকার বাসিন্দা গোলাম খুরশেদের দুই মেয়ে চার দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়। রক্তের অণুচক্রিকা ও রক্তচাপ কমে যাওয়ার কারণে প্রথমে বড় মেয়ে হোজাইফা খুরশেদকে ভর্তি করানো হয় হাসপাতালে। এরপর অসুস্থ হয়ে পড়ে ছোট মেয়ে হুমাইরা খুরশেদও। এখন দুই শিশুই চিকিৎসা নিচ্ছে পাশাপাশি শয্যায়।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত মা ও শিশু জেনারেল হাসপাতালে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কথা হয় দুই শিশুর বাবা গোলাম খুরশেদের সঙ্গে। তিনি বলেন, বড় মেয়ের রক্তচাপ কম। অণুচক্রিকাও কমে গেছে। ছোট মেয়ের থেমে থেমে জ্বর উঠছে। সব মিলিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে।
আক্ষেপের সুরে গোলাম খুরশেদ প্রথম আলোকে বলেন, ‘ডেঙ্গু জ্বরে কষ্ট পাচ্ছে দুই মেয়ে। তেমন কিছু খাচ্ছেও না। ডেঙ্গু যেন আর কারও না হয়। এ ছাড়া প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পাচ্ছি।’
হাসপাতালে বাবার পাশাপাশি দুই মেয়েকে দেখাশোনা করছেন মা তাহমিনা আক্তার। তিনি বলেন, ‘আমার দুই মেয়েই বেশ চটপটে। সারা দিন বাসায় ছোটাছুটি করে। এখন জ্বর ওঠার পর একদম দুর্বল হয়ে গেছে। আরও বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’
তাহমিনা আক্তারদের থাকতে হলেও আজ হাসপাতাল ছাড়ছেন সাজেদা বেগম। তাঁর ছেলে মোহাম্মদ শোয়াইবের বয়স মাত্র ছয় মাস। আট দিন ধরে সেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শারীরিক অবস্থা ভালো হওয়ায় চিকিৎসকেরা শোয়াইবকে বাসায় নিয়ে যেতে বলেছেন। এতেই খুশি মা সাজেদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে একেকটা দিন একেকটা বছরের মতো। আট দিন ছেলেকে নিয়ে হাসপাতালে ছিলাম। এখন মুক্তি মিলেছে। ছেলের অবস্থা ভালো। জ্বর নেই।’
আজ যখন সাজেদা বেগমের সঙ্গে কথা হচ্ছিল, তখন ঘড়ির কাঁটা বেলা সাড়ে ১১টার ঘরে। তাঁর ছেলে শোয়াইব খেলছিল সুরাইয়া কাউসারের সঙ্গে। ছয় বছর বয়সী সুরাইয়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে অবস্থার উন্নতি হওয়ায় তাকেও ছেড়ে দেওয়া হয়েছে।
শোয়াইবের পাশের শয্যায় সুরাইয়ার থাকার জায়গা হয়েছিল। এখন সুস্থ হয়ে সুরাইয়া শয্যায় থাকতে চাইছে না। তার মা শামিম আক্তার বলেন, মেয়েটা বেশ চঞ্চল। কোথাও একমুহূর্ত বসে থাকে না। কিন্তু ছয় দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
শামিম আক্তার বলেন, ‘১২ দিন আগে জ্বর ওঠে সুরাইয়ার। জ্বরে একেবারে কাহিল হয়ে গিয়েছিল সে। অবস্থা খারাপ হওয়ার পর পরীক্ষা করিয়ে ডেঙ্গু ধরা পড়ে। এরপর হাসপাতালে নিয়ে আসি। আজ হাসপাতাল ছেড়ে যাচ্ছি।’
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন। এর মধ্যে ৩৬টি শিশু। গতকাল বুধবার নগরের মতিয়ারপুল এলাকা থেকে এসেছেন মাকসুদা আক্তার। তাঁর ছেলে আবদুল্লাহ জুবাইয়ের (৩) ডেঙ্গুতে আক্রান্ত। মাকসুদা বলেন, বেশ কয়েক দিন ধরে গায়ে হালকা হালকা জ্বর ছিল ছেলেটার। দুই দিন আগে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। তবে চিকিৎসকেরা বলেছেন, দুশ্চিন্তা না করতে।
৯ দিন আগে ছেলে দিপ দাশকে হাসপাতালে নিয়ে আসেন মা লাকি দাশ। দিপের বয়স আট বছর। তার বাবা রণজিৎ দাশ পেশায় কাঠমিস্ত্রি। লাকি দাশ বলেন, ছেলের অবস্থা এখন ভালোর দিকে। জ্বর নেই। রক্তের প্লাটিলেট বেড়েছে।
হাসপাতালের পরিচালক মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শিশুরাও আক্রান্ত হচ্ছে। এডিস মশা সাধারণত বদ্ধ অবস্থায় থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। কয়েক দিন আগেই টানা বৃষ্টি হয়েছে। তাই দ্রুত আশপাশ পরিষ্কার করতে হবে। মশারি ব্যবহার করতে হবে। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে।