রাজনৈতিক দলের প্রতিক্রিয়া

গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী

গ্যাস
প্রতীকী ছবি: এএফপি

সরকারের নির্বাহী আদেশে গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল। তারা বলেছে, গ্যাসের মূল্য বাড়লে পণ্যের উৎপাদন খরচ বাড়বে। পণ্যের দাম বাড়বে। দিন শেষে ভোক্তার ওপর চাপ বাড়বে। এতে জনদুর্ভোগ আরও বাড়বে। গ্যাসের মূল্যবৃদ্ধিতে অনেক শিল্প বন্ধ হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার আলাদা আলাদা বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এসব প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম ৮২ শতাংশ বাড়িয়ে গত বুধবার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতির মধ্যে যখন সাধারণ মানুষদের রেহাই দেওয়া দরকার ছিল। কিন্তু উল্টো আরও ভোগান্তিতে ফেলল সরকার। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সরকারের এই গণবিরোধী, স্বৈরাচারী আচরণ অর্থনীতির সংকটকে আরও তীব্র করবে। মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হবে।

গ্যাসের দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এক বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে স্পষ্টভাবে প্রতীয়মাণ।

দলটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিজ্ঞতা বলে আইএমএফের শর্ত মেনে ঋণ নেওয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। বরং জনগণের ঘাড়ে নিত্যনতুন বোঝা চাপিয়েছে। গ্যাস বিদ্যুৎ ও  জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সরকারের কর্ণপাত না করা জনগণকে যারপরনাই হতাশ করেছে। এ ধরনের পদক্ষেপ সরকারের উন্নয়ন নীতিকে প্রশ্নবৃদ্ধ করবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়েছেন নেতারা।

বিবৃতিতে নেতারা বলেন, দেশি–বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী শাসকেরা দেশ গ্যাসের ওপর ভাসছে বলে গ্যাস পাচার করতে চেয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেশি থাকার অজুহাতে গ্যাসের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বাড়িয়েছে।