অটল ২৮

কাল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে নানা আয়োজন

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ। চলছে নানা আয়োজনের প্রস্তুতি। বিশেষ ক্রোড়পত্র, নতুন রূপে অ্যাপ, বন্ধুসভার নানা কর্মসূচি আর কর্মীদের প্রীতিসম্মিলনী—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে প্রথম আলো পরিবার। আগামীকাল ৪ নভেম্বর প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি ঘিরে পাঠক, শুভানুধ্যায়ী ও কর্মীদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ ভাবনা নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা। ঝকঝকে ছাপা, রঙিন ছবি, ১২ পৃষ্ঠার কাগজ, প্রতিদিন নতুন নতুন ফিচার পাতা, দলনিরপেক্ষতার অঙ্গীকার, বস্তুনিষ্ঠতার চর্চা, পেশাদারত্বের উৎকর্ষ আর নতুনকে মেনে নেওয়ার অবিরাম প্রয়াস—সব মিলিয়ে প্রথম আলো হয়ে ওঠে বাংলাদেশের মানুষের এক অপরিহার্য সঙ্গী। হয়ে ওঠে পরিবারেরই একজন।

‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ ভাবনা নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা।

অল্প কয়েক বছরের মধ্যে প্রথম আলো লাভ করে সর্বাধিক প্রচারিত দৈনিকের সম্মান। নানা রকমের বাধা, প্রতিকূলতা পেরিয়ে সত্যে তথ্যে প্রথম আলো আজ শুধু একটা কাগজ নয়, একটা ডিজিটাল প্ল্যাটফর্মও। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রথম আলো লাভ করেছে বাংলাভাষী পাঠকদের উষ্ণ অভ্যর্থনা, তেমনি ওয়ান-ইফরা বা ইনমার মতো আন্তর্জাতিক সংগঠন থেকে এ গণমাধ্যম লাভ করছে সম্মানজনক স্বীকৃতি, বিশ্বসেরা আর এশিয়া সেরার পুরস্কার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিন মূল পত্রিকার সঙ্গে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র। ৪, ৬, ৮ ও ১০ নভেম্বর প্রকাশিতব্য এসব ক্রোড়পত্রে উঠে আসবে দেশের মানুষ ও সমাজের নানা দিক, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক, নতুন প্রজন্মের ভাবনা এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন ও বিশ্লেষণ। এই চার দিনে মূল পত্রিকা ও ক্রোড়পত্র মিলিয়ে ৩২ থেকে ৩৬ পৃষ্ঠা ছাপা হবে।

দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রথম আলো লাভ করেছে বাংলাভাষী পাঠকদের উষ্ণ অভ্যর্থনা, তেমনি ওয়ান-ইফরা বা ইনমার মতো আন্তর্জাতিক সংগঠন থেকে এ গণমাধ্যম লাভ করছে সম্মানজনক স্বীকৃতি, বিশ্বসেরা আর এশিয়া সেরার পুরস্কার।

রাজধানীতে, গ্রামে, চরে কিংবা পাহাড়ে—দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবন কেমন, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের বোঝাপড়ার জায়গাগুলোতে কী ধরনের তর্ক চলছে, জেন-জি জীবনের অর্থ কোথায় খুঁজছে, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে পারে—এমন নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থাকবে বিশেষ ক্রোড়পত্রগুলোতে। এতে লিখবেন দেশের প্রথিতযশা লেখকেরা। পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সাক্ষাৎকারও প্রকাশিত হবে। ক্রোড়পত্রগুলোর বিস্তারিত আজকের প্রথম আলোর শেষ পাতায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ৪ নভেম্বর নতুন রূপে পাঠকদের সামনে আসছে প্রথম আলোর অ্যাপ। পাঠকদের জন্য আরও সহজ ও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ফিচার। একই সঙ্গে অ্যাপটির নকশা ও ব্যবহারপদ্ধতিতেও আনা হচ্ছে পরিবর্তন।

অনুষ্ঠানে প্রথম আলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন ভাবনা ও সংবাদমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। গতকাল সোমবার ঢাকাসহ সারা দেশের কর্মীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর কর্মীদের নিয়ে প্রীতিসম্মিলনীর আয়োজন করা হয়েছে। ৪ নভেম্বর রাজধানীর একটি মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। এতে ঢাকার পাশাপাশি সারা দেশে কর্মরত প্রথম আলোর প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে প্রথম আলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন ভাবনা ও সংবাদমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। গতকাল সোমবার ঢাকাসহ সারা দেশের কর্মীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো বন্ধুসভাও সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন জনসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। এসব আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।