মনজুরুল হক বা মঞ্জু ভাইকে আমি জাপানি রীতিতে ‘হক সান’ বলে ডেকে এসেছি। তাই এখানেও কোনো দূরত্বসূচক ‘হক সাহেব’ না বলে ‘হক সান’-ই বলছি।
ঠিক মনে করতে পারছি না যে হক সানের সঙ্গে আমার প্রথম কবে দেখা হয়েছিল। তবে আমার মনে হয়, এটি ছিল তিনি জাপানে আসার মাত্র অল্প কিছুদিন পরের কথা। জায়গাটা মনে আছে, আমাদের প্রথম দেখা হয়েছিল এনএইচকের আন্তর্জাতিক সম্প্রচার কার্যালয়ে। তখন আমি ও হক সানের একসঙ্গে ‘ইয়াসাসি নিহোঙ্গো’ (সহজ জাপানি ভাষা) নামের এক অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। হক সান যে কাজের মানুষ, তা আমি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলাম। তিনি শুধু ভালো করে কাজ করতে পারেন, তা নন; তাঁর জ্ঞানের গভীরতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক বোধ—সব দিক থেকেই তিনি ছিলেন অসাধারণ। তাঁর সঙ্গে কথা বললে নিজেকে আনাড়ি বলে মনে হতো।
এ ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে আমরা একসঙ্গে কাজ করেছি। সেগুলোর পাণ্ডুলিপি তো বটেই, মাইক্রোফোনের সামনে তাঁর বলার ভঙ্গিতেও—সাধারণ কথাবার্তার চেয়ে আলাদা এক স্বর ছিল যা মানুষকে আকর্ষণ করত। আমাকে ইংরেজি বা বাংলায় লেখালেখি করতে হলে প্রায়ই হক সানকে দেখিয়ে নিতাম। হক সানের ইংরেজি কিংবা বাংলা ছিল মার্জিত ও অত্যন্ত রুচিশীল, আর তাঁর হাতের ছোঁয়া লাগা লেখালেখি ফিরে এলেই আমি মুগ্ধ হতাম। মাঝেমধ্যে তা এতটাই মার্জিত ও উচ্চ মানের হতো যে আমিই যে এটি লিখেছি, তা কেউ বিশ্বাস করবে না ভেবে লুকিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিতাম।
হক সানের ইংরেজি কিংবা বাংলা ছিল মার্জিত ও অত্যন্ত রুচিশীল, আর তাঁর হাতের ছোঁয়া লাগা লেখালেখি ফিরে এলেই আমি মুগ্ধ হতাম। মাঝেমধ্যে তা এতটাই মার্জিত ও উচ্চ মানের হতো যে আমিই যে এটি লিখেছি তা কেউ বিশ্বাস করবে না ভেবে লুকিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিতাম।
আমাদের এই সুসম্পর্কের আরেকটি নতুন দিক শুরু হলো ২০১২ সালে। সেই বছরে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে বাংলা বিভাগ বা বাংলা ভাষা এবং সংস্কৃতি শিক্ষার বিশেষ কোর্স চালু হয়, আর সৌভাগ্যবশত প্রথম শিক্ষক হিসেবে আমি তাতে যোগ দিই। তখনই আমার মনে হলো, সবার আগে যাঁর সাহায্য নেওয়া দরকার, তিনি হলেন হক সান। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে বাংলার পূর্ণকালীন পদের সংখ্যা ছিল মাত্র একটি, ফলে তাঁকে কেবল খণ্ডকালীন শিক্ষকের পদই দেওয়া সম্ভব ছিল; কিন্তু হক সান সানন্দে তা গ্রহণ করেছিলেন।
জাপানি শিক্ষার্থীদের বাংলা শেখানো মানে একেবারে গোড়া থেকে শুরু করা। একেবারে ‘অ’, ‘আ’, ‘ই’, ‘ঈ’-এর মতো বর্ণমালা থেকে শেখাতে হবে—হক সানের মতো বিদ্বান ও অভিজ্ঞ মানুষের কাছে সেগুলো শেখাতে অনুরোধ করতে দ্বিধা করেছিলাম। কিন্তু তিনি সেবারও কেবল যে সানন্দে এই কাজে হাত দিয়েছিলেন তা নয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপযোগী সহজ পাঠ্যবইও মুহূর্তের মধ্যে নিজে তৈরি করে ফেলেছিলেন, তা দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম।
এত দ্রুত হক সানকে হারিয়ে ফেলেছি, তা ভেবে সত্যিই ভীষণ দুঃখ ও আক্ষেপ হচ্ছে। গত কয়েক বছরে তাঁর সঙ্গে আগের মতো ঘন ঘন দেখা হতো না ঠিকই, কিন্তু যেকোনো প্রয়োজনে হক সান আছেন—এই নির্ভরতা ও স্বস্তির অনুভূতি সব সময় ছিল।
আমার মনে হয়, হক সানের স্বভাব ছিল নিজের প্রতি কঠোর ও সংযমী, কিন্তু শিক্ষার্থীদের প্রতি তিনি ছিলেন একান্ত সহনশীল ও স্নেহপরায়ণ। যেকোনো শিক্ষার্থীকেই জিজ্ঞেস করলে, তাঁরা তাঁর স্বভাবের কথা বলতে গিয়ে বলেন যে তিনি ‘খুবই দয়ালু ও স্নেহশীল’ ছিলেন। তবে তিনি শুধুই যে স্নেহশীল ছিলেন তা নয়; বাংলা ভাষা চর্চা ও ভবিষ্যতের গবেষণার পথে শিক্ষার্থীদের উৎসাহ দিতেও তিনি কখনো ভোলেননি। একজন শিক্ষার্থী ক্লাসে বাংলায় একটি ছোট রচনা লিখেছিল, সামান্য সম্পাদনার পর তা ‘প্রথম আলো’তে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। সেই লেখা প্রকাশিত হওয়ায় সেই শিক্ষার্থী দারুণ গর্ব বোধ করে এবং একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেওয়ার পর এখনো সেই লেখা সঙ্গে করে নিয়ে ফেরে।
বাংলা ভাষার ক্লাস ছাড়াও হক সান ইংরেজি মাধ্যমে একটি বিশেষ কোর্সে (জাপানে প্রায় সব ক্লাসই জাপানি ভাষায় হয়ে থাকে) সাংবাদিকতার ক্লাসও নিয়েছিলেন। ওই কোর্সে পড়া এক শিক্ষার্থী বলেছে, হক সান কোনো হ্যান্ডআউট বা লেকচার শিট বিলি করতেন না, পাওয়ারপয়েন্টও ব্যবহার করতেন না, এমনকি ব্ল্যাকবোর্ড বা হোয়াইটবোর্ডেও কিছু লিখতেন না—শুধু একটানা নব্বই মিনিট কথা বলে যেতেন। অথচ তাতে কোনো বাহুল্য ছিল না; নিখুঁতভাবে সাজানো সেই বক্তৃতা কারও পক্ষে অনুকরণ করা ছিল অসম্ভব। এই ক্লাসের প্রভাবে অনুপ্রাণিত হয়ে সত্যিই সাংবাদিকতার পেশায় যোগ দিয়েছেন এমন শিক্ষার্থীও রয়েছেন।
হক সানের প্রয়াণের খবর শুনে একের পর এক শিক্ষার্থীর কাছ থেকে বার্তা আসছে আমার কাছে। সেগুলো পড়লেই বোঝা যায় যে সবাই তাঁকে খুব ভালোবাসত ও সম্মান করত। কিছুদিন আগেই কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে হক সানের স্মৃতিতে ডুবে গিয়ে গল্প করেছি। এত দ্রুত হক সানকে হারিয়ে ফেলেছি, তা ভেবে সত্যিই ভীষণ দুঃখ ও আক্ষেপ হচ্ছে। গত কয়েক বছরে তাঁর সঙ্গে আগের মতো ঘন ঘন দেখা হতো না ঠিকই, কিন্তু যেকোনো প্রয়োজনে হক সান আছেন—এই নির্ভরতা ও স্বস্তির অনুভূতি সব সময় ছিল। আমি দিন দিন হক সানের উপস্থিতির গভীরতা ও গুরুত্ব আরও বেশি করে অনুভব করছি। হক সানকে ছাড়া এই পৃথিবী বড়ই শূন্য ও বিষণ্ন।
*লেখক: অধ্যাপক কিওকো নিওয়া, সাবেক প্রধান, বেঙ্গল স্টাডিজ বিভাগ, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ