বুয়েটের শিক্ষার্থীসহ ৩৪ জনকে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তারের নিন্দা

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জেলা শহরে নিয়ে যাচ্ছে পুলিশ। তাহিরপুর থানা প্রাঙ্গণে
ফাইল ছবি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে ই–মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৩২ জন শিক্ষাবিদ ও শিক্ষার্থী উদ্বেগ জানান।

বিবৃতিতে বলা হয়, ছাত্রদের জামিন দেওয়ায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেও তাঁরা বিশ্বাস করেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার এবং শিক্ষার্থীদের পরিবারকে যে মানসিক, শারীরিক, অর্থনৈতিক, একাডেমিক এবং অন্যান্য দুর্ভোগের শিকার হতে হয়েছে—এ জন্য ক্ষতিপূরণ দেওয়া না হলে, জামিন দেওয়া পর্যাপ্ত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন বুয়েটের ছাত্র। সুনামগঞ্জের তাহিরপুরে ছুটি কাটানোর সময় তাঁদের হেনস্তা করা হয়। পুলিশের দাবি, তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিলেন। প্রমাণ হিসেবে বলা হয়, ওই ছাত্ররা রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। যদিও ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা দাবি করেছেন যে ভুক্তভোগীরা (শিক্ষার্থী) ওই ছাত্রসংগঠনের সঙ্গে ছড়িত ছিলেন না।

গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন ইউনিভার্সিটি অব আরভাইনের গ্র্যাজুয়েট ফেলো মুহাম্মদ আবদুর রাকিব। বিবৃতিতে ৩২ জনের নাম উল্লেখ রয়েছে। তাঁরা হলেন ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান, ডেনমার্কের আরহুস ইউনিভার্সিটির মোহাম্মদ আহসানুল হক, সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটির এনালিস্ট জোবায়ের মাহমুদ, মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির প্রভাষক আবদুল আজিজ, যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির কার্টার স্কুল ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজোলিউশেনর মো. নাজমুল ইসলাম, তুর্কিয়ে কোজায়েলি ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম সরকার, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষক মাহমুদুল হাসান, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের ফেলো মো. আবদুল্লাহ আল মামুন, জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের রাইটিং প্রশিক্ষক মীর সাব্বির হাসান, শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয়ের পিএইচডি শিক্ষার্থী শিব্বির আহমদ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির এম এইচ মাহমুদ, ইউসি আরভাইন মুহাম্মদ আবদুর রকিব, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির মো. সাজ্জাদুর রহমান, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী আবু তৈয়ব আহমেদ, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী এস আরেফিন, নরওয়ের ইউনিভার্সিটি অব বারগেনে গ্র্যাজুয়েট শিক্ষার্থী মো. তালহা, ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী শামসুল চৌধুরী, যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী কাজী মুকিতুল ইসলাম, জার্মানির আরডব্লিউটিএইচ আচেন ইউনিভার্সিটির এমএসসি শিক্ষার্থী ইমরুল হাসান, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী মো. মোহিমেনুল ইসলাম, পুরডু ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী এস ইসলাম, যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী এম ফাহিম, ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের গ্র্যাজুয়েট শিক্ষার্থী মুহাম্মদ ইসমাইল জোবিউল্লাহ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডোর গ্র্যাজুয়েট শিক্ষার্থী এন এইচ এম আরাফাত, অরবান ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী মুনতাসির মাহদী, মিশিগান স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী তানজিলুর রহমান, টেক্সাস টেক ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী মুহাম্মদ মারুফ বিল্লাহ, মিশিগান স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী সারোয়ার তারেক, ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী মো. রোকনুজ্জামান, ইউনিভার্সিটি অব ইলিনয়ের পিএইচডি শিক্ষার্থী রাহনুমা সিদ্দিকা ও ইউনিভার্সিটি অব মিজৌরির পিএইচডি শিক্ষার্থী বোরহান উদ্দিন।