
স্থপতি, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেনের মরদেহ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে এই হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় মোবাশ্বের হোসেনের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা মরদেহ গ্রহণ করেন।
মোবাশ্বের হোসেনের মেয়ে সোনিয়া হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর বাবার ইচ্ছা অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর আগে তাঁর বাবা নিজেই মরদেহ বিএসএমএমইউতে হস্তান্তরের জন্য চুক্তি করে গিয়েছিলেন।
গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদ্য সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। নানা শারীরিক জটিলতার কারণে তিনি প্রায় দুই মাস ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মোবাশ্বের হোসেন ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী তরুণ বীর মুক্তিযোদ্ধাদের দল ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য ছিলেন তিনি।
গত সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে এবং ব্রাদার্স ইউনিয়ন প্রাঙ্গণে দুই দফায় তাঁর জানাজা হয়। গতকাল মঙ্গলবার শেষবারের মতো তাঁর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে মরদেহ ঢাকায় আনা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মোবাশ্বের হোসেন পরিবেশ ও নাগরিক আন্দোলনেও সোচ্চার ছিলেন। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে খ্যাতি ছিল মোবাশ্বের হোসেনের। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।