চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চিঠি দিয়ে চবি উপাচার্য ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানালেন ডিন

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী। ৪ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সিন্ডিকেট নির্বাচন নিয়ে উপাচার্য–ডিন বিতণ্ডা’ শিরোনামের এক সংবাদে উপাচার্যকে নিয়ে মন্তব্য করায় ডিন হেলাল উদ্দিন নিজামীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেয়। এর জবাবে তিনি রোববার এ চিঠি দিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে নিয়ে করা মন্তব্যে সেদিন ডিন হেলাল উদ্দিন নিজামী বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নন। বিশ্ববিদ্যালয়ের পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতে অনিয়ম হচ্ছে।’ ডিন হেলাল উদ্দিন নিজামীর মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তাঁকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর পাঠানো চিঠিতে ডিন হেলাল উদ্দিন নিজামী বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের শূন্য পদ দ্রুততম সময়ের মধ্যে পূরণ করতে হবে। অথচ উপাচার্য দায়িত্ব নেওয়ার তিন বছরেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। সিনেটে রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন, শিক্ষক প্রতিনিধি নির্বাচন, সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং সিন্ডিকেটে সিনেট প্রতিনিধি নির্বাচন দেওয়া হচ্ছে না।

হেলাল উদ্দিন নিজামী চিঠিতে উল্লেখ করেন, উপাচার্যের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ধারিত বাসভবন আছে। এরপরও তিনি শহরের বাসায় অবস্থান দেখিয়ে মাসিক বেতনের সঙ্গে বাড়িভাড়া ভাতা, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ নিচ্ছেন। তাই উপাচার্যের বাসভবনে গত তিন বছরের মেরামত কাজের বিল, উপাচার্যের নিজের বাসার ভাড়া, মাসিক বিদ্যুৎ বিল ও অন্য কাজ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অর্থের পরিমাণ প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিনেট সভা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার ‘অক্লান্ত পরিশ্রমের’ কথা উল্লেখ করে উপাচার্য দপ্তরের একজন সহকারী রেজিস্ট্রার ১ লাখ ৪৮ হাজার টাকা অনুদান চান। এ ছাড়া উপাচার্য, সহ–উপাচার্য, প্রক্টর, আইসিটি সেলের পরিচালকসহ একজন শিক্ষককে একই কারণে মোট ৯৫ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়েছে। অনুদানের টাকা সংশ্লিষ্ট সবাই গ্রহণ করেছেন কি না, এ বিষয়ে চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন হেলাল উদ্দিন নিজামী।

এ ছাড়া গত ৫ মার্চ শিক্ষক নিয়োগের ফোনালাপ ফাঁস হওয়ার পর একটি কমিটি করে সিন্ডিকেট। নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হচ্ছে কি না, তা চিহ্নিত করার জন্যই এ কমিটি করা হয়। ওই কমিটি দুর্নীতির প্রমাণ পায়। ডিন হেলাল উদ্দিন নিজামীর দাবি, এতে প্রমাণিত হয়, শিক্ষক নিয়োগপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ।

হেলাল উদ্দিন নিজামীর এ চিঠির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য শিরীণ আখতার প্রথম আলোকে বলেন, তিনি চিঠি পেয়েছেন, কিন্তু পড়েননি। এ বিষয়ে এখনই মন্তব্য করবেন না তিনি। পরে উপাচার্যের বরাত দিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অতিরিক্ত সময় নিয়েও আদতে কোনো প্রমাণ দিতে পারেননি। প্রথমত তিনি উত্তর দেওয়ার জন্য তিন কর্মদিবসের জায়গায় ১০ কর্মদিবস সময় নিয়েছেন। কিন্তু এখন তিনি বলছেন, তিনি প্রমাণ দিতে বাধ্য নন। দুর্নীতির কোনো প্রমাণ নেই। তাই বিভিন্ন মীমাংসিত বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি (হেলাল উদ্দিন নিজামী) মূলত স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি বলেছেন। কিন্তু ওই বিভাগের নিয়োগ আগেই  বাতিল করা হয়েছে। অজ্ঞাত কারণে শাস্তি প্রদানসংক্রান্ত কমিটি চার মাস হলেও প্রতিবেদন দেয়নি। এ ছাড়া তিনি উপাচার্যের বাসভবন নিয়ে কথা বলেছেন।

ইউজিসির পরামর্শেই একটি টেকনিক্যাল কমিটি ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।