ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে শুক্রবার শুরু হবে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম)
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে শুক্রবার শুরু হবে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম)

আইইউবির উদ্যোগে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু কাল

আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট’ (আইসিইবিটিএম ২০২৫)।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) উদ্যোগে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনটি শেষ হবে শনিবার।

শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি কি নোট বক্তৃতা করবেন।

শনিবার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সম্মেলনে এ ছাড়া উপস্থিত থাকবেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম, এসবিইর ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমসহ আয়োজক কমিটির সদস্যরা।

সম্মেলনে যা থাকছে

এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টির বেশি দেশ থেকে তিন শতাধিক গবেষক, শিক্ষক ও শিল্প প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে থাকবে ৫টি কি–নোট বক্তব্য, ৮টি ইন্ডাস্ট্রি টক, আমন্ত্রিত অতিথিদের ৩টি সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং ২টি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।

মঙ্গলবার আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

কি–নোট বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক জনাথন লিউ (যুক্তরাজ্য), অধ্যাপক রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া), অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া) এবং ড. আহমদ আহসান (বাংলাদেশ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট)।

সম্মেলনে আলোচনা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সাপ্লাই চেইন ডিসরাপশন, পরিবেশবান্ধব ব্যবসা, উদ্যোগ উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি বিষয়ে সর্বশেষ গবেষণা ও প্রবণতা। এ ছাড়া থাকবে পিএইচডি কলোকিয়াম, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং ও জার্নাল সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। আয়োজনটির বাছাইকৃত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হবে ‘টেইলর অ্যান্ড ফ্রান্সিস’ ও ‘স্প্রিঙ্গার নেচারের’ মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ও বইয়ের অধ্যায়ে।

আয়োজন প্রসঙ্গে সম্মেলনের জেনারেল চেয়ার ও আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব বলেন, ‘অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় নতুন ধারণা ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য আইসিইবিটিএম একটি কার্যকর আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে।’
এই আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি টেকসই উন্নয়নমুখী গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী আয়োজকেরা।

সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://icebtm.iub.edu.bd ওয়েবসাইটে।