কিছুক্ষণ পরপর মুখে ওড়না গুঁজে কান্নায় ভেঙে পড়ছেন পোশাকশ্রমিক নাজমা আক্তার। আগুনে নিজের সোনার অলংকার পুড়ে গেছে। সঙ্গে পুড়েছে আসবাব, পোশাকআশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র। তবে নাজমার কান্না সেসবের জন্য নয়, তিনি একনাগাড়ে কেঁদে যাচ্ছেন সন্তানদের স্কুলে ভর্তির জন্য জমানো টাকার জন্য।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের শেরশাহ এলাকায় কবির কলোনিতে লাগা আগুনে নাজমার ঘরের জিনিসপত্রের সঙ্গে বছরজুড়ে অল্প অল্প করে জমানো টাকাও পুড়ে গেছে। এ টাকা তিনি জমিয়েছিলেন নতুন বছরে দুই ছেলে–মেয়েকে বিদ্যালয়ে ভর্তির জন্য।
ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, আজ সকাল সাড়ে নয়টার দিকে শেরশাহ এলাকার কবির কলোনিতে আগুন লাগার খবর পায় তারা। এরপর বায়েজিদ ফায়ার সার্ভিসের তিনটি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কবির কলোনিতে নয়টি ঘর ছিল। আগুনে সব কটি ঘরই পুড়ে গেছে। এর একটি ঘরে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন নাজমা। স্বামী রাজমিস্ত্রি। দুজনের আয় দিয়েই সংসার চলে। ছেলে সপ্তম শ্রেণিতে আর মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আসছে নতুন বছর ছেলে-মেয়ের বিদ্যালয়ে ভর্তির জন্য টাকা এ বছরের পুরোটা সময় ধরে কিছু কিছু করে জমিয়েছিলেন নাজমা।
সকাল সাড়ে ১০টার দিকে কথা হয় নাজমা আক্তারের সঙ্গে। তখনো কেঁদেই যাচ্ছিলেন তিনি।
নাজমা বলেন, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প সঞ্চয় করে দুই সন্তানের জন্য কিছু টাকা জমিয়েছিলেন তাদের স্কুলে ভর্তি করানোর জন্য। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের কীভাবে স্কুলে ভর্তি করাবেন?
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল নয়টার দিকে শেরশাহ এলাকার কবির কলোনিতে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় বাসিন্দা তৌসিফ রেজা বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো বস্তিতে আগুন ছড়িয়ে গেছে। আমি দ্রুত ছাদে উঠে বালতি করে পানি ঢালতে থাকি। ততক্ষণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।’
বায়েজিদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বায়েজিদ থেকে ৩টি ও পরে আগ্রাবাদ থেকে আরও ১টি ইউনিট ঘটনাস্থলে আসে। সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে ৯টি ঘর পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।