সমাবেশে আলোচকেরা

অধিকার নিশ্চিত করতে গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তির বিকল্প নেই

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিলসের সুনীতি প্রকল্পের আওতায় সমাবেশ ছাড়া শোভাযাত্রা ও কবিগানের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

গৃহকর্মীদের শোভন কাজ ও মর্যাদা নিশ্চিত করতে তাঁদের শ্রম আইনে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। গৃহকর্মী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। জনসচেতনতা তৈরির পাশাপাশি ২০১৫ সালের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির বাস্তবায়ন করতে হবে।

আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সিকিউরিং রাইটস অব উইমেন ডমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ (সুনীতি) প্রকল্পের আয়োজনে গৃহকর্মী সমাবেশে আলোচকেরা এসব কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সমাবেশ ছাড়া শোভাযাত্রা ও কবিগানের আয়োজন করা হয়।

রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্প মাঠে আলোচকেরা গৃহকর্মীদের নিবন্ধন ও পর্যবেক্ষণের ব্যবস্থা, ন্যায্য কর্মঘণ্টা ও মজুরি, বিশ্রাম, ছুটি, বিনোদন, গৃহ পরিদর্শন, সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে জেলা-উপজেলায় সহায়তা কেন্দ্র স্থাপন, পাঠ্যসূচিতে গৃহকর্মীদের প্রতি শিষ্টাচারের বিষয় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গৃহকর্মীদের পেশাগত ও জীবনমুখী দক্ষতা প্রশিক্ষণ এবং তাঁদের সুরক্ষায় নারী পুলিশ কর্মকর্তাদের নিয়োজিত করার বিষয়ে কথা বলেন।

বিলস, গণসাক্ষরতা অভিযান, হ্যালো টাস্ক, কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র, রেড অরেঞ্জ ও ইউসেপ বাংলাদেশ যৌথভাবে অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে গৃহকর্মীদের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় ২০১৯ সাল থেকে সুনীতি প্রকল্প পরিচালনা করছে।

বিলসের নির্বাহী পরিষদ সদস্য কাজী রহিমা আক্তার সমাবেশে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূইয়া। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাউন্সিলর শিখা চক্রবর্তী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কে এম শহীদুজ্জামান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শামীম আরা, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতিনিধি রিচা শর্মা, অক্সফ্যাম ইন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী তারেক আজিজ, বিলসের পরিচালক নাজমা ইয়াসমীন, সাংবাদিক ফারজানা রূপা প্রমুখ।

সমাবেশে প্রায় ২০০ গৃহশ্রমিক উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে গৃহকর্মীদের নিয়ে কবিগান পরিবেশন করে বাউলশিল্পী আলম দেওয়ান ও তাঁর দল।